ব্যক্তিমালিকানার জমি দখল করে বিএমডিএর খাল খনন
নওগাঁর বদলগাছী উপজেলায় ব্যক্তিমালিকানাধীন জমিতে থাকা ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করে খাল খনন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। তারা উচ্ছেদ শুরুর আগে জমির মালিকদের কোনো ক্ষতিপূরণ বা উচ্ছেদের নোটিশও দেয়নি।ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বাড়িঘরের মালিক চাকরাইল গ্রামের সাদেকুল ইসলাম, মামুন হাসান, আবদুল খালেক ও আফসার আলী জানান, ২৩ মার্চ দুপুরে সাংসদ আকরাম হোসেন চৌধুরীর উপস্থিতিতে চাকরাইল মোড়ে পুলিশ ও র্যাব মোতায়েন করে বিএমডিএর লোকজন বুলডোজার দিয়ে ব্যক্তিমালিকাধীন জমিতে থাকা ২৭টি দোকান ও তিনটি বাড়ি গুঁড়িয়ে দেন। এ ব্যাপারে বদলগাছীর সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত ২৫ মার্চ চাকরাইল গ্রামের সাখাওয়াত হোসেন ও বদলগাছী উপজেলা সদরের সাজেদুল ইসলাম দুটি মামলা করেছেন। মামলায় বিএমডিএর নির্বাহী প্রকৌশলী, বিএমডিএর বদলগাছী জোনের সহকারী প্রকৌশলী, নওগাঁর জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।চাকরাইল গ্রামের জামি চৌধুরী, ভোদন, আবদুর রউফসহ আরও অনেকে অভিযোগ করেন, বিএমডিএ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে খাল কাটার নামে জিয়ন মৌজায় আরএস রেকর্ডের ৭৬, ১০৩, ৩২৩, ২৮৪, ৫৭১, ৬০৪ ও ৬৫৩ নম্বর দাগে তাঁদের তিন একর ২৬ শতাংশ সম্পত্তি দখল করে খাল খনন করছে।সাংসদ আকরাম হোসেন চৌধুরী বলেন, চাকরাইল মৌজায় যেসব দোকানপাট ও বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে, এর সবগুলো অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করেছে সওজ। পরে স্থাপনার মালিকেরা নিজ উদ্যোগে তাঁদের অবৈধ স্থাপনা সরিয়ে নেন বলে দাবি করেন তিনি। উচ্ছেদ অভিযানের সময় তিনি তাঁর উপস্থিতির কথা স্বীকার করেন।বিএমডিএর বদলগাছী জোনের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, তাঁরা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে অনাপত্তির ছাড়পত্র নিয়ে এবং তাঁদের দিয়ে ভূমি জরিপ করিয়ে খাল কাটার সীমানা নির্ধারণ করে নেন। প্রকল্পের কাজ অর্ধেক সম্পন্ন হওয়ার একপর্যায়ে তাঁরা জানতে পারেন যে নওগাঁ-৩ আসনের সাংসদের তদবিরে প্রকল্পের কাজ সংশোধন করে কাজের পরিধি বাড়ানো হয়েছে। এ অবস্থায় তাঁরা সাংসদের চাহিদা মোতাবেক খাল কাটার কাজ অব্যাহত রাখেন।সাংসদ আকরাম হোসেন চৌধুরী বলেন, খাল কাটার কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের প্রত্যেকের জন্য ‘একটি বাড়ি, একটি খামার’-এর ব্যবস্থা করা হবে।বদলগাছীর সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, যেসব জমি থেকে দোকানপাট ও বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে, আরএস রেকর্ড অনুযায়ী তা ব্যক্তিমালিকানাধীন।