ব্যক্তিমালিকানার পুকুর ইজারা, পরে বাতিল
পুকুর দুটি ব্যক্তিমালিকানার। কিন্তু তা সরকারি দেখিয়ে ইউএনও কার্যালয় থেকে ইজারা দেওয়া হয়। পরে অবশ্য ওই ইজারা বাতিল করা হয়। রাজশাহীর বাগমারা উপজেলায় এ ঘটনা ঘটেছে।
পুকুর দুটির মালিক উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান। তিনি বলেন, ইউনিয়নের কয়া গ্রামের এ পুকুর দুটিতে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। কিন্তু ১৬ আগস্ট একই ইউনিয়নের মুরারীপাড়া গ্রামের আওলাদ হোসেন খন্দকার পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে পুকুরের সব মাছ মরে যায়। আওলাদের দাবি করেন, তিনি ইউএনওর কার্যালয় থেকে পুকুর দুটি ইজারা নিয়েছেন।
মাহমুদুর বলেন, পরে তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, আওলাদ হোসেনকে ১৬ আগস্ট বাগমারা ইউএনওর দপ্তর থেকে পুকুর দুটি এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। চেয়ারম্যান মাহমুদুর অভিযোগ করেন, ইউএনও দপ্তরের অফিস সহকারী শহীদুল ইসলামকে ‘ম্যানেজ’ করে পুকুর দুটি ইজারা দেওয়া হয়।
ইউএনও দপ্তরের ইজারা-সংক্রান্ত ফাইল তদারকির দায়িত্বে থাকা শহীদুল বিষয়টি স্বীকারও করেন। তিনি বলেন, ‘একজনকে বিশ্বাস করে ভুলটা হয়েছে।’ তবে কে সেই ব্যক্তি, তা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
ইজারাদার আওলাদ বলেন, অনেক টাকা খরচ করে তিনি পুকুর দুটি ইজারা নিয়েছেন। তিনিও এর বেশি কিছু বলতে রাজি হননি।
উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাগমারা ইউএনও নাছরিন আক্তার বলেন, বিষয়টি জানার পর গত রোববার জলমহাল দুটির ইজারার আদেশ বাতিল করা হয়েছে।