ব্যক্তিমালিকানার পুকুর প্রাকৃতিক জলাধার: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

ব্যক্তিমালিকানাধীন পুকুর প্রাকৃতিক জলাধার বলে হাইকোর্টের এক রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ে মহানগর ও বিভাগীয় শহর, জেলা শহর, পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকায় অবস্থিত ব্যক্তিমালিকানাধীন হিসেবে রেকর্ডভুক্ত পুকুরগুলো ২০০০ সালের জলাধার সংরক্ষণ আইনের ২ (চ) ধারায় প্রাকৃতিক জলাধারের সংজ্ঞাভুক্ত করে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশসচিবকে রায় পাওয়ার এক বছরের মধ্যে ওই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চলতি বছরের ৫ মার্চ ওই রায় দেন। ১০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি আজ বৃহস্পতিবার হাতে পেয়েছেন বলে জানান রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ।

বরিশাল শহরের ঝাউতলা এলাকায় প্রায় শতবর্ষী পুকুর ভরাট ও দখল বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০১২ সালে হাইকোর্টে রিট করা হয়। এর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

প্রতিটি উপজেলা ও থানা সদরকে আইনের অন্তর্ভুক্ত না করায় পৌরসভার বাইরে সকল উপজেলা সদরে ও ক্ষেত্রমতে থানা সদরে বিদ্যমান খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। ফলে প্রতিনিয়ত স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃত ও ব্যক্তিগত স্বার্থে এসবের প্রকৃতি ও চরিত্র পরিবর্তনের অপেক্ষায় লিপ্ত।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘আইন প্রণেতারা আইন (২০০০ সালের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন) প্রণয়নের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রয়োজন অনুধাবন করে এই আইনটি করেছেন। আইনের ২ (চ) ধারায় প্রাকৃতিক জলাধারের আওতায় মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহর, পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার মাস্টারপ্ল্যানে চিহ্নিত নদী, খাল, বিল, দিঘি, ঝরনা বা জলাশয় সরকার বা কোনো সংস্থা কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দিয়ে বন্যাপ্রবাহ এলাকা হিসেবে ঘোষিত প্রাকৃতিক জলাধারের আওতায় আনা হয়েছে। এ ছাড়া সলল পানি এবং বৃষ্টির পানি ধারণ করে, এমন ভূমিও প্রাকৃতিক জলাধারের আওতাভুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন কোনো পুকুরকে ওই সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়নি রবং ওই আইনের ২ (চ) ধারায় প্রাকৃতিক জলাধারের সংজ্ঞাভুক্ত করা হয়েছে।’

আইনটি সময়োপযোগী উল্লেখ করে রায়ে বলা হয়, ‘প্রতিটি উপজেলা ও থানা সদরকে আইনের অন্তর্ভুক্ত না করায় পৌরসভার বাইরে সকল উপজেলা সদরে ও ক্ষেত্রমতে থানা সদরে বিদ্যমান খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। ফলে প্রতিনিয়ত স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃত ও ব্যক্তিগত স্বার্থে এসবের প্রকৃতি ও চরিত্র পরিবর্তনের অপেক্ষায় লিপ্ত।’

অভিমতে আদালত বলেছেন, ‘বিদ্যমান সকল পৌর এলাকার মতো ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে প্রত্যেকটি উপজেলা সদর এলাকা ও থানা সদর এলাকাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে ওই সব উপজেলা সদর ও থানাকে ওই আইনে অন্তর্ভুক্ত করা আবশ্যক। সে মতে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন বলে আদালতের প্রত্যাশা।’

প্রায় শতবর্ষী ওই পুকুরের সীমানা অতিক্রম ও মাটি ভরাট থেকে বিরত থাকা এবং পুকুর সংস্কার ও নিরাপদ পানি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রায়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের ফলে উপজেলা ও থানা সদর এলাকায় চিহ্নিত ব্যক্তিগত পুকুরও জলাধার হিসেবে স্বীকৃতি পাবে।