ব্যক্তির কাছে প্রত্নসামগ্রী থাকা উচিত কি না, প্রশ্ন সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত পর্যায়ে প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংরক্ষণ করা বা সংরক্ষণ করার অধিকার থাকা উচিত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এই কমিটির বৈঠকে বলা হয়েছে, ব্যক্তিগত পর্যায়ে সংরক্ষিত অনেক প্রত্নতাত্ত্বিক সামগ্রী দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে।

সংসদীয় কমিটি প্রত্নতাত্ত্বিক সামগ্রীর পাচার রোধে প্রয়োজনে প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮ সংশোধন করার সুপারিশ করেছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদীয় কমিটি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক সামগ্রী যাতে দেশের বাইরে পাচার না হতে পারে, সে জন্য শক্তিশালী আইনি কাঠামোর প্রয়োজন আছে বলে মত দিয়েছেন। কমিটি প্রত্নতত্ত্ব আইন ১৯৬৮ পর্যালোচনা করে বলেছে, এই আইন প্রত্নতাত্ত্বিক সামগ্রী যথাযথভাবে সংরক্ষণের জন্য যথেষ্ট না হলে আইনটি সংশোধন করতে হবে।

বৈঠক শেষে জানতে কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, প্রত্নতত্ত্ব আইন পর্যালোচনা করে কমিটির মনে হয়েছে, কোনো ব্যক্তি পারিবারিকভাবে কোনো প্রত্নতাত্ত্বিক সামগ্রীর মালিক হয়ে থাকলে তিনি সে বিষয়ে সরকারকে অবহিত করে ওই সামগ্রী সংরক্ষণ করতে পারবেন। কিন্তু তিনি তা বিক্রি করতে পারবেন না। পারিবারিকভাবে উত্তরাধিকারী নন, এমন ব্যক্তি প্রত্নতাত্ত্বিক সামগ্রীর মালিক হতে পারবেন না। এ জাতীয় সামগ্রীর মালিক হবে সরকার। তবে এ বিষয়ে আইনে ভিন্ন কোনো ব্যাখ্যা আছে কি না, সে বিষয়ে জাতীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে কমিটির আগামী বৈঠকে বিস্তারিত জানাতে বলা হয়েছে।

বৈঠকে জ্ঞানভিত্তিক ও মানবিক বোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ জন্য সংসদীয় কমিটি শিশুদের সৃজনশীল চর্চার ক্ষেত্র বাড়ানো এবং জঙ্গিবাদ ও মৌলবাদ রুখতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তৃত করার সুপারিশ করেছে।
সিমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, মমতাজ বেগম, পিনু খান ও জেবুন্নেছা আফরোজ অংশ নেন।