ব্যক্তির জন্য মন্ত্রণালয়কে অভিযুক্ত করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তির জন্য মন্ত্রণালয়কে বা পুরো প্রশাসনকে অভিযুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বারের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন।
গত বুধবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হওয়ার পর বক্তব্যের পক্ষে সাত দিনের মধ্যে প্রমাণ দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমি পুরো মন্ত্রণালয়কে দায়ী করি নাই। সরকারের ভাবমূর্তি হিসেবে যারা বিষয়টি আনছে, তারা উদ্দেশ্যমূলকভাবে করেছে।’
সাত দিনের মধ্যে প্রমাণ করতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাছির উদ্দীন বলেন, ‘প্রমাণটা ভিন্ন বিষয়। আমি জবাব দেব। প্রমাণ করতে পারব কি পারব না, সেটা আমার বিষয়। এখানে প্যাঁচানোর কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, ‘একাডেমিক ডিসকাশন যখন করব, তখন অনেক ধরনের কথা আসবে। আমি তো কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে যাইনি। এটাকে টুইস্ট করলে চলবে না। আমি রাজনীতি করি। প্রকল্পের কাজ কেন শেষ হয়নি, এ ধরনের প্রশ্নে আমাকে তো উত্তর দিতে হবে।’
চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে আবর্জনা সংগ্রহের জন্য সিটি করপোরেশনকে রিকশাভ্যান প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব বাণিজ্য কেন্দ্রের নিচতলায় ব্যবসায়ী নেতারা মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ১০টি রিকশাভ্যান হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ।
অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচ হাজার ও দক্ষিণে সাড়ে তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী আছেন। অথচ চট্টগ্রাম নগরের আয়তন এই দুটির চেয়ে বেশি হলেও এখানে পরিচ্ছন্নতাকর্মী আছেন মাত্র ১ হাজার ৭০০ জন। তিনি বলেন, ৩০ বছর আগের জনবলকাঠামোতে চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে সরাসরি বাসা থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করা যাবে।
চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চেম্বার প্রাথমিকভাবে ১০টি রিকশাভ্যান দিচ্ছে সিটি করপোরেশনকে।