বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘বর্তমানে আমরা এক স্বার্থপর, নির্মম, নিষ্ঠুর ও মানবিক গুণাবলিবঞ্চিত সমাজে বাস করছি। এ সমাজ হিংসা-প্রতিহিংসা ও মারামারির সমাজে পরিণত হয়েছে। তাই ব্যক্তির পরিবর্তন কোনো সমাধান নয়, পরিবর্তন আনতে হবে সামগ্রিকভাবেই।’ গতকাল বৃহস্পতিবার ডা. ননী গোপাল সাহার স্মৃতিকথা ও বক্তৃতাবলী বইয়ের প্রকাশনা উ ৎ সবে দেওয়া বক্তব্যে আবুল মকসুদ এসব কথা বলেন। জেলা পরিষদের সম্মেলন কক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদ এই অনুষ্ঠানের আয়েজন করে। আগামীতে মানব জাতির সামনে কঠিন দুঃসময় অপেক্ষা করছে মন্তব্য করে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এ ঘোর অমানিশার মধ্যে একমাত্র দেশের তরুণ সমাজই আলো জ্বালাতে পারে। যে তরুণ সমাজ পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবিলা করেছে, তাদের কাছে মূল্যবোধ ও সিস্টেমের মোকাবিলা করা কঠিন নয়।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ, অধ্যাপক আবদুল খালেক, অধ্যাপক আজিজুল হক খান, নারীনেত্রী অঞ্জলি বালা প্রমুখ। সভায় ডা. ননী গোপাল সাহা তাঁর অনুভূতি প্রকাশ করেন। ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মফিজ ইমাম।