ব্যক্তির পরিবারকে অর্থ পরিশোধে নেওয়া ব্যবস্থা জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে অর্থ দিতে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছিলেন, তা পরিশোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ২১ মে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। আদালত বলেছেন, সত্য ও জনহিতকর সংবাদ পরিবেশনের জন্য প্রথম আলো প্রশংসার যোগ্য।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। প্রথম আলোর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী। পরে তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, হাইকোর্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এজাহার দায়ের করতে নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে কয়েকজন আপিল বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ মার্চ আপিল বিভাগ এজাহার করার অংশটুকু বাদ দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। ওয়াসা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ২৫ লাখ টাকা করে দিতে বলা হয়। এ জন্য সময় বেঁধে দেওয়া হয়। আদেশ অনুযায়ী সিটি করপোরেশন (ডিএসসিসি) ২৫ লাখ টাকা দিয়েছে বলে জানিয়েছে। বাকি অর্থ ওয়াসা দিয়েছে কি না বা কী ব্যবস্থা নিয়েছে, তা আগামী রোববার জানাতে বলা হয়েছে হাইকোর্টকে।

‘পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু’ শিরোনামে গত ৭ মার্চ প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। সেদিন প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ ব্যাখ্যা জানাতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। প্রথম আলোকেও প্রকাশিত খবরের সত্যতা জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

 ধার্য দিনে গত ১৯ মার্চ এমডি ও সিইও আদালতে হাজির হন। সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট সাতজনের বিরুদ্ধে এজাহার দাখিল করতে নির্দেশ দেন। এ ছাড়া মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ওয়াসা ও ডিএসসিসিকে জানাতে বলে ৯ মে আদেশের দিন রাখেন। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি হাইকোর্টে ওঠে।