এক পুলিশ, এক মাস্তান আর এক নেতাকে দেখা গেল গলাগলি করে হাসছেন। বলছেন, ‘মেডিকেলে ভর্তি নিয়া যারা বেশি হাউকাউ করছে, তাদের পুলিশ দিয়া পিটাইয়া মেডিকেলে ভর্তি কইরা দিছি। একভাবে ভর্তি হলেই হলো।’
দৃশ্যটি একটি ব্যঙ্গচিত্রের। গতকাল শনিবার এটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হয়। আরেকটি দৃশ্যে দেখা গেল, এক বৃদ্ধ এক নারীকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকেই চিৎকার করে বলছেন, ‘হায় হায়! এ তো সেই পোলা, যারে আমি পাঁচ বছর আগে প্রশ্ন সাপ্লাই দিছিলাম।’
এ ছাড়া বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ব্যঙ্গচিত্র, ফাঁস হওয়া প্রশ্নের অনুলিপি, প্রশ্ন ফাঁসসংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপচারিতা ইত্যাদি স্থান পায় প্রদর্শনীতে। বাদ যায়নি পুলিশি নির্যাতনের নানান আলোকচিত্র।
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। ভর্তি পরীক্ষার পর থেকেই এ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাঁদের আন্দোলনে একাধিকবার বাধা দেওয়াসহ থানার ভেতরে শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে।
গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লাল কাপড় টানিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের পাশাপাশি আন্দোলনকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ করেন। মঞ্চস্থ করেন একটি ব্যঙ্গাত্মক নাটক।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যাবেন আন্দোলনকারীরা।
পুনরায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা গ্রহণ আন্দোলনের সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ গতকাল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাঁদের দাবিদাওয়া মেনে না নিলে তাঁরা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন।
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে গতকাল বিবৃতি দিয়েছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের (ডিএইচইএন) সভাপতি নাজমুন নাহার ও সাধারণ সম্পাদক কাজী রকিবুল ইসলাম। তাঁরা বলেন, মেডিকেল ভর্তিতে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘৃণ্য কাজে যারা জড়িত, তাদের অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে নতুন করে ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে।