
রাজনীতি, সাহিত্য, সাংবাদিকতা—কোথাও অন্যায়ের সঙ্গে আপস করেননি আবুল মনসুর আহমদ। মেরুদণ্ড সোজা করে মানুষ যেখানে সত্য বলতে ভয় পায়, তিনি সেখানে ব্যঙ্গর মাধ্যমে সত্য তুলে ধরতেন। তাঁর মতো করে কেউই আর এটা পারেননি।
‘আবুল মনসুর আহমদের জীবনদর্শন ও শিল্পভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। প্রখ্যাত এই সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদের ১১৮তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে আবুল মনসুর স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে জীবনশিল্পী আবুল মনসুর আহমদ শিরোনামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আবুল মনসুর এত জীবন্ত করে লিখতেন, যে কারোরই তাতে কৌতূহল জাগবে। তিনি শেরেবাংলা এ কে ফজুলল হক, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু—সবার ঘনিষ্ঠ ছিলেন। তাঁর লেখায় এই রাজনীতিবিদদের কথা এসেছে। আমাদের উচিত তাঁর লেখাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া।’
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী—কেউই তাঁদের রাজনৈতিক আত্মজীবনী লিখে যাননি। কিন্তু আবুল মনসুর আহমদ লিখেছেন। ফলে সেই সময়ের রাজনীতির অনেক কথা আমরা জানতে পেরেছি। বর্তমানে যাঁরা রাজনীতিবিদ তাঁরা লিখে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে এই সময়টা জানা যায়।’
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা বলেন, ‘আবুল মনসুর আহমদ যেখানেই হাত দিয়েছেন, সেখানেই মৌলিকতার পরিচয় দিয়েছেন। অত্যন্ত নীরস কথাও তিনি সরসভাবে বলতে পারতেন।’
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘আবুল মনসুর আহমদকে নিয়ে অনেক বেশি গবেষণা হওয়া দরকার। তাঁর রাজনীতির ৫০ বছর আমার খুব প্রিয় বই। তিনি ভিন্ন চিন্তা করতে পারতেন। বহুমাত্রিক ও ভিন্ন চিন্তার মধ্য দিয়েই সমাজ এগিয়ে যাবে।’ মহাপরিচালক বলেন, বাংলা একাডেমি আবুল মনসুর আহমদের রচনাসমগ্র প্রকাশ করছে। তিন খণ্ড ইতিমধ্যে প্রকাশিত। আরও তিন খণ্ডের কাজ চলছে।
স্বাগত বক্তব্যে আবুল মনসুর আহমদের পুত্র ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘গুণীজনকে আমরা অনেক সময় হৃদয়ে স্থান দিই না। আবুল মনসুর আহমদের লেখা আমাদের আরও বেশি করে পড়তে হবে।’