ব্যতিক্রমী অনুষ্ঠানে ব্যতিক্রমী পুরস্কার
কৃষক মজিবুর রহমান সেরা হালচাষি নির্বাচিত হন। পুরস্কার হিসেবে তাঁর হাতে একটি নারকেলগাছের চারা তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। একইভাবে সেরা ধান রোপণকারীর পুরস্কার পান কিষানি শেফালী মুরমু ও মালতি মারান্ডি। গত সোমবার ব্যতিক্রমী এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রামের ‘শাহ কৃষি তথ্য পাঠাগার’।শুধু কৃষকদের জন্য নিভৃত গ্রামের ভেতরে এই পাঠাগার প্রতিষ্ঠা করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ। এই পাঠাগারে আধুনিক চাষাবাদের সব ধরনের বই রয়েছে। ভিডিওচিত্রের মাধ্যমে নিয়মিত কৃষকদের উপকারী ও অপকারী পোকা চেনানো হয়। এই পাঠাগারের উদ্যোগে প্রতিবছর গ্রামের সেরা কৃষকদের পুরস্কৃত করা হয়। এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ২৪ জন কিষান-কিষানি এই পুরস্কার পেলেন। এবার সেরা আখচাষির পুরস্কার পেয়েছেন আবুল হোসেন ও সুকুমার প্রামাণিক; কৃষকের সন্তানদের মধ্যে সেরা সবজি বাগানির পুরস্কার পেয়েছেন মিজানুর রহমান; জমিতে কম সেচ দিয়ে ভালো ফলনের জন্য সেরা গমচাষির পুরস্কার পেয়েছেন আবুল কাশেম শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাহামিদুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মো. আবদুস সামাদ, কবি রুহুল আমিন প্রামাণিক, তসিকুল ইসলাম, আশেক হাসান প্রমুখ।