
পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের ভেতরে জড়ো করা হচ্ছে বাংলাবাজারের বই। খুলে যাচ্ছে ঐতিহ্যবাহী প্রকাশনা পুঁথিঘরের বন্ধ জানালা। খোঁজা হচ্ছে চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের হারিয়ে যাওয়া বাড়ি। জরাজীর্ণ রূপলাল হাউস, অধুনালুপ্ত লেটার প্রেসের ধাতব অক্ষর, দখলে-দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গাসহ পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশসহ পুরো জীবনযাত্রা উঠে আসবে এক বর্গমাইলব্যাপী শিল্পকর্মযজ্ঞে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে ‘ওয়ান মাইল স্কয়ার’ নামের বিভিন্ন শিল্পমাধ্যমের এই ব্যতক্রমী শিল্পকর্মের আয়োজন। একই সঙ্গে পুরান ঢাকার এক বর্গমাইল এলাকার ১৬টি স্থানে ৪০ জন শিল্পী সারা দিন ধরে শিল্পকর্ম রচনা করবেন। আয়োজন করেছে শিল্পীদের সংগঠন বৃত্ত আর্ট ট্রাস্ট। চলবে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আয়োজনটি হচ্ছে দ্বিতীয়বারের মতো। প্রথম হয়েছিল ২০০৯ সালে।
রাজধানী ঢাকা পেরিয়ে গেছে ৪০০ বছর। মোগল সুবাদার ইসলাম খাঁর প্রতিষ্ঠিত শহরটি ইতিহাসের বহু চড়াই-উতরাই পেরিয়ে ১৯৭১ সালে পেয়েছে স্বাধীন বাংলাদেশের রাজধানীর মর্যাদা। বাঙালির বহু গৌরবময় কীর্তি, আন্দোলন-সংগ্রামের নীরব সাক্ষী এই শহর। বিশেষ করে বুড়িগঙ্গার তীরে শহরের প্রাচীন অংশটি এখনো বহন করে চলেছে একদার স্বর্ণউজ্জ্বল ইতিহাসের ঐতিহ্যের রেশ। গোলকধাঁধার মতো সরু অলিগলির পাশে গায়ে গায়ে লাগানো ঘরবাড়ির মাঝেমধ্যে হঠাৎ করে চোখে পড়ে মোগল ও ব্রিটিশ যুগের ক্ষয়িষ্ণু স্থাপনা। পাইকারি কারবারের আড়ত, উদয়াস্ত লেগে থাকা ভিড়ভাট্টা, কুলিকামিনের হাঁকডাক, কাবাব-বিরিয়ানির ঘ্রাণ, উর্দুমেশানো বুলি, মহররমের মিছিল—সব মিলিয়ে পুরান ঢাকার এমন এক বৈশিষ্ট্য, যা কেবল তাকেই মানায়।
বহুদিনের এই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য কি টিকে থাকবে আরও বহুদিন? পরিবর্তনটা বেশ প্রবল। পুরোনো ঘরবাড়ি ভেঙে একের পর এক উঠে যাচ্ছে বহুতল ভবন, ঝকঝকে সুপার মার্কেট। বিলুপ্ত হচ্ছে প্রত্নসম্পদ, ঐতিহাসিক স্থাপনা। দূষণে বিপন্ন বুড়িগঙ্গারও মরমর দশা। মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। পুরান ঢাকার পরিবেশ, সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষয়িষ্ণুতা ও রূপান্তরের প্রক্রিয়া নিয়েই আয়োজন করা হয়েছে এই বিশাল শিল্পকর্মযজ্ঞ।
আয়োজনের সমন্বয়কারী শিল্পী তাইয়েবা বেগম জানালেন, এক মাস ধরে এই আয়োজনের জন্য একটি প্রকল্প নিয়ে কাজ করা হয়েছে। এতে ৪০ জন শিল্পী ও দুজন গবেষক কাজ করছেন। পুরান ঢাকার বিভিন্ন মহল্লায় তাঁরা বেশ কয়েক দফা ঘুরে স্থান নির্বাচন করেছেন। এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে পুরান ঢাকার সমস্যা, সম্ভাবনা, সংরক্ষণ এসব নিয়ে তাঁদের অভিমত নিয়েছেন। এ ছাড়া গ্রিন রোডের বৃত্ত আর্ট ট্রাস্ট কার্যালয়ে ‘পুরোনো ঢাকা: ঐতিহ্য পরিবর্তন এবং উদ্ধার’ বিষয়ে আলোচনা হয়েছিল। এতে অংশ নেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির ও স্থপতি সালমা শফি। এসবের ভিত্তিতেই বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে। উদ্দেশ্য হলো জনসাধারণের সঙ্গে শিল্পকলার সম্পর্ক নিবিড় করে তোলার মধ্য দিয়ে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
আয়োজনের শিল্পনির্দেশক মাহবুবুর রহমান জানান, শিল্পীরা এখানে স্বাধীনভাবে কাজ করবেন। প্রাধান্য থাকবে স্থাপনা কর্মের। এর পাশাপাশি থাকবে আলোকচিত্র প্রদর্শনী, পারফরমেন্স আর্ট, ভিডিও, চলচ্চিত্র, চিত্রকলা, অ্যানিমেশনসহ অনেক রকম মাধ্যমের কাজ। বাহাদুরশাহ পার্ক, পোগজ স্কুল, পাটুয়াটুলী, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), বিউটি বোর্ডিং, ঈশ্বর দাস লেন, জুবিলী স্কুল মার্কেট, লালকুঠি, ফরাশগঞ্জ অরফানেজ, রূপলাল হাউস, শ্যামবাজার, রূপলাল দাস লেন, পাঁচবাড়ি, ঢাকা কেন্দ্র, মালাকা টোলা ও শ্যামবাজার ঘাটে শিল্পকর্মগুলো রচনা করা হবে। অংশগ্রহণকারীরা সবাই তরুণ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পী। তাঁরা কোনো কেন্দ্রে একক, কোনো কেন্দ্রে যৌথভাবে কাজ করবেন। নেদারল্যান্ডসসের সংস্থা আর্টস কোলাবরেটরির সহায়তায় হচ্ছে এই বিপুল শিল্পযজ্ঞ। সবার জন্য উন্মুক্ত থাকবে শিল্পসুষমামণ্ডিত এই এক বর্গমাইল। তবে শুধু এক বর্গমাইল নয়, পুরো পুরান ঢাকা তার আপন ঐতিহ্যের ঐশ্বর্য নিয়ে চিরঞ্জীব থাকুক—এই প্রত্যাশা সবারই।