ব্যতিক্রমী এক ছবির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোকিওর বাংলাদেশি শিল্পীদের ছবির বাজারে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন-মোমেনের সঙ্গে শিল্পীরা। (বাঁ থেকে) কনকচাঁপা চাকমা, কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার ও হাশেম খান  ছবি: প্রথম আলো
টোকিওর বাংলাদেশি শিল্পীদের ছবির বাজারে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন-মোমেনের সঙ্গে শিল্পীরা। (বাঁ থেকে) কনকচাঁপা চাকমা, কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার ও হাশেম খান ছবি: প্রথম আলো

বাংলাদেশের নেতৃস্থানীয় ১১ জন চিত্রশিল্পী এখন জাপানে। সেতো-উচি ত্রিবার্ষিক শিল্পকলা প্রদর্শনীতে যোগ দিতে এসেছেন তাঁরা। শিকোকু দ্বীপের কাগাওয়া জেলায় এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের এই খ্যাতিমান শিল্পীরা। শেষে দেশে ফিরে যাওয়ার আগে টোকিওতে ছিল তাঁদের যাত্রাবিরতি। সেই অবসরে প্রবাসী একদল শিল্পানুরাগী ২৭ জুলাই টোকিওর বাংলাদেশ দূতাবাস ভবনে খ্যাতিমান এসব শিল্পীর ছবির একটি ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছিলেন। ঢাকার বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দূতাবাসের সক্রিয় সহযোগিতায় প্রবাসীরা এক দিনের এ প্রদর্শনীর আয়োজন করেন। টোকিওতে বাংলাদেশি শিল্পীদের তিন ঘণ্টার এ চারুকলা বাজার ছিল উল্লেখযোগ্য এক ভিন্ন ধরনের উদ্যোগ। আগ্রহী দর্শকেরা এখানে শিল্পীদের ছবি দেখার পাশাপাশি তাঁদের আঁকা ছবি কেনা এবং শিল্পীদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেয়েছিলেন। বাংলাদেশি শিল্পীদের নিয়ে বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন এটাই প্রথম। এর সফলতা ভবিষ্যতে নানা দেশে এ রকম আয়োজন করার ক্ষেত্রে উৎসাহ সৃষ্টি করবে।

ছবির বাজারে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি জাপানিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আনুষ্ঠানিক কোনো উদ্বোধনীর ব্যবস্থা ছবির বাজারে রাখা হয়নি। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন-মোমেন সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণে জাপানের রাজধানীতে শিল্পানুরাগীদের জন্য চমৎকার এ রকম একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য শিল্পীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের চারুকলার যে সমৃদ্ধ ঐতিহ্য ইতিমধ্যে আমাদের শিল্পীরা গড়ে তুলেছেন, জাপান ও বাংলাদেশের মধ্যে মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও তা অবদান রাখবে।’

রাষ্ট্রদূত এ প্রসঙ্গে জাপানের কাগাওয়া জেলার সেতো-উচি ত্রিবার্ষিক প্রদর্শনীতে বাংলাদেশের বিস্তৃত অংশগ্রহণের উল্লেখ করে বলেন, বাংলাদেশের চারু ও কারুশিল্পীরা বিদেশে বাংলাদেশকে তুলে ধরায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।

এ সংক্ষিপ্ত ভাষণের পর শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বাংলাদেশের খ্যাতিমান বর্ষীয়ান শিল্পী কাইয়ুম চৌধুরী। টোকিওর বাংলাদেশ দূতাবাস এ রকম একটি ব্যতিক্রমী আয়োজনে সক্রিয় সহায়তা করায় তিনি রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। বেঙ্গল গ্যালারি ও জাপানপ্রবাসী শিল্পানুরাগীদের সক্রিয় অংশগ্রহণে এ রকম একটি ব্যতিক্রমী আয়োজনের সফল ব্যবস্থাপনার জন্য শিল্পীদের সবার পক্ষ থেকে কাইয়ুম চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১২ জন শিল্পীর মোট ৬২টি শিল্পকর্ম চারুকলা বাজারে উপস্থাপন করা হয়। ১২ জন শিল্পীর মধ্যে ১১ জন শিল্পী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। জাপানপ্রবাসী আগ্রহী বাংলাদেশি সংগ্রহকারী ছাড়াও বাংলাদেশ সম্পর্কে অবগত জাপানিরাও নিজস্ব সংগ্রহে রাখার জন্য ছবি কিনেছেন। যে ১২ জন শিল্পীর ছবি টোকিওর এ ছবির বাজারে রাখা হয় তাঁরা হলেন কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, আবুল মনসুর, নাজলী লায়লা মনসুর, ফরিদা জামান, মোহাম্মদ ইউনূস, খালিদ মাহমুদ মিঠু, কনকচাঁপা চাকমা ও বিশ্বজিৎ গোস্বামী।