ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শিক্ষার্থীদের বিনা মূল্যে ফুল দিয়েছেন নাটোরের বনপাড়া পৌরসভার এক ফুলবিক্রেতা। গতকাল রোববার সকালে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে আসা সহস্রাধিক শিক্ষার্থীর হাতে তিনি ফুল তুলে দেন।
বনপাড়া পৌরসভা সূত্রে জানা যায়, গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহস্রাধিক শিক্ষার্থী সমবেত হয়। কিন্তু বেশির ভাগ শিক্ষার্থীর হাতে ফুল ছিল না। ফুলের অধিক দামের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে ফুল কেনা সম্ভব হয়নি। বিষয়টি অনুধাবন করেন সেখানকার ফুল বিক্রেতা আহসান হাবিব। তিনি সব শিক্ষার্থীর হাতে ফুল তুলে দেওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। এরপর প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে একটি করে গোলাপ বা রজনীগন্ধা ফুল তুলে দেন। শিক্ষার্থীরাও হাসিমুখে এসব ফুল নিয়ে শহীদ মিনারের বেদিতে অর্পণ করে।
খবর পেয়ে বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, পৌরসভার সচিব রেজাউল করিম, সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সেখানে ছুটে আসেন। ভাষাশহীদদের প্রতি একজন ফুলবিক্রেতার ভালোবাসা দেখে তাঁরা অভিভূত হন।
আহসান হাবিব বলেন, ‘শুধু আজকে নয়, এখন থেকে প্রতিবছর এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি শিক্ষার্থীদের ফুল উপহার দেব।’