পাড়াগাঁয়ের প্রাথমিক বিদ্যালয় মানেই সাদামাটা ও জরাজীর্ণ—এমন ধারণা আমূল বদলে গেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। এখানকার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় রঙিন। শ্রেণিকক্ষ গোছানো। পাঠদানেও এসেছে বৈচিত্র্য।
এমনটা সম্ভব হয়েছে এক তরুণ শিক্ষা কর্মকর্তার ‘আমার স্বপ্ন-আমার স্কুল’ উদ্যোগের মাধ্যমে। তিনি সদ্য বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ উল ইসলাম। কাজের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা’ নির্বাচিত হয়েছেন। চুনঘর প্রাথমিক বিদ্যালয় পেয়েছে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি।
শরীফ উল ইসলাম কুলাউড়া থেকে বদলি হয়ে গত ২৭ ডিসেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষা কর্মকর্তার (উদ্ভাবন) পদে যোগ দিয়েছেন। কিন্তু তাঁর উদ্যোগ থেমে নেই। আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলায়ও ছড়িয়ে পড়েছে ‘আমার স্বপ্ন-আমার স্কুল’।
২০১২ সালের ৮ জুলাই কুলাউড়ায় আসেন শরীফ উল ইসলাম। ২০১৫ সাল থেকে শুরু করেন ‘আমার স্বপ্ন-আমার স্কুল’ উদ্যোগ। বর্তমানে উপজেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের সব কটিতেই চলছে এ উদ্যোগের নানা কার্যক্রম।
শরীফ উল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই বিভাগ থেকে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
ব্যতিক্রমী পাঠদান
শিক্ষাজীবনের শুরুটা প্রতিটি শিশুর জীবনে ব্যাপক প্রভাব ফেলে। তাই ‘আমার স্বপ্ন-আমার স্কুল’ উদ্যোগের আওতায় বছরের প্রথম দিন শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার সময় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় ‘শিশুবরণ’। সৃজনশীল কাজে শিশুদের আকৃষ্ট করার জন্য প্রকাশ করা হয় শ্রেণিভিত্তিক ‘দেয়ালিকা’। যেসব বিদ্যালয়ে অতিরিক্ত কক্ষ রয়েছে, সেখানে বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সাজানো হয়েছে ‘উপকরণ কক্ষ’। এসব উপকরণের মাধ্যমে চলে পাঠদান। বর্ণপরিচয়ের জন্য সংশ্লিষ্ট বস্তু বা ছবি থাকে এসব কক্ষে। শিক্ষক-শিক্ষার্থীদের যথাসময়ে হাজিরা নিশ্চিত করতে ‘বায়োমেট্রিক হাজিরা’ ব্যবস্থা রয়েছে। এসব কাজের ব্যয় নির্বাহ করছেন শিক্ষক-অভিভাবক এবং স্থানীয় বিত্তশালী ব্যক্তিরা।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘খুদে ডাক্তার’, ‘স্মাইল প্রোগ্রাম’, ‘সেরা মা এবং সেরা ছাত্রছাত্রী’ নির্বাচনের ব্যবস্থা রয়েছে। ‘খুদে ডাক্তার’ কার্যক্রমের উদ্দেশ্য স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঁচজন করে মোট ১৫ জনের একটি দল হয়। তারা অন্য শিক্ষার্থীদের ওজন মেপে দেয়। প্রাথমিক চিকিৎসা দেয়। আর ‘স্মাইল কার্ড’ হচ্ছে ভালো কাজের পুরস্কার। নখ কাটা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফুল বাগানের পরিচর্যাসহ বিভিন্ন ভালো কাজে শিক্ষার্থীদের প্রতীকী এসব কার্ড দেন শিক্ষকেরা। প্রতি তিন মাস পরপর যে বেশি কার্ড পাবে, তাকে সেরা ছাত্র নির্বাচন করা হয়।
সরেজমিন
কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় সড়কের পাশেই বশিরুল হোসেন প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতর ও বাইরের দেয়াল কিছুদিন আগেই রং করা হয়েছে। প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম বললেন, সরকারিভাবে বরাদ্দ পাওয়া স্লিপ (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান) তহবিল ও স্থানীয়ভাবে সংগ্রহ করা টাকা দিয়ে রং করা হয়েছে। পাশাপাশি ‘আমার স্বপ্ন-আমার স্কুল’ উদ্যোগের অন্যান্য কার্যক্রমও চলছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে গেছে। ঝরে পড়া কমেছে। লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠছে।
পৌর শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম বলেন, ‘আমার স্বপ্ন-আমার স্কুল’ কার্যক্রম শুরুর আগে শ্রেণিভিত্তিক গড়ে ৭৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকত। এখন তা বেড়ে ৮০ শতাংশ হয়েছে।
বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল খুদে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আগ্রহী করে তোলা। সেটা অনেকাংশে সফল। কার্যক্রম শুরুর আগে ২০১৪ সালে উপজেলায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ২ শতাংশ। ২০১৬ সালে তা হয়েছে ৯১ দশমিক ৫৯ শতাংশ। ২০১৪ সালে উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল ১৮ দশমিক ৫ শতাংশ। ২০১৬ সালে তা কমে ৮ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। শরীফ উল ইসলাম চলে যাওয়ার পর তাঁর কার্যক্রম আরও ছড়িয়ে দেওয়া হয়েছে। ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার করা হয়েছে। সব বিদ্যালয়ে করা হয়েছে ফুলের বাগান। গুণী মানুষদের নামে শ্রেণিকক্ষের নামকরণ করা হয়েছে।
কাজের স্বীকৃতি
শরীফ উল ইসলাম ২০১৬ সালের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা’ নির্বাচিত হয়েছেন। এর আগে গত জুনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘উদ্ভাবনী’ পুরস্কার পান। ওই বছর সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘সেরা শিক্ষা কর্মকর্তার’ সম্মাননাও অর্জন করেন তিনি।
শরীফ উল ইসলাম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যেই এ উদ্যোগের ভাবনা তাঁর মাথায় আসে। ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
২০১৬ সালে দেশসেরা চুনঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, ওই প্রকল্পের কার্যক্রম তাঁদের প্রতিষ্ঠানে অব্যাহত রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক তাহমিনা খাতুন বলেন, ইচ্ছাশক্তি ও সৃজনশীল মানসিকতা দিয়ে ব্যক্তি পর্যায়ে যে ভালো কিছু করা যায়, শরীফ তার একটা দৃষ্টান্ত। মাঠপর্যায়ে থেকে তিনি প্রত্যাশার চেয়ে বেশি কাজ করেছেন।