পারিবারিক সম্প্রীতি ও সম্পর্কের বন্ধন অটুট রাখতে বগুড়া শহরের একটি একান্নবর্তী পরিবারের ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগ সবার নজর কেড়েছে। শহরের কানছগাড়ি এলাকার প্রয়াত মহিউদ্দিন আহমেদের পরিবারের শতাধিক সদস্য দেড় যুগ ধরে আয়োজন করে আসছেন জমকালো ‘পারিবারিক প্রীতি ফুটবল ম্যাচ’।
ঈদের আনন্দ শেষ হতে না হতেই উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয় ওই পরিবারের ঐতিহ্যবাহী প্রীতি ফুটবল ম্যাচ। এ আয়োজন ঘিরে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আতশবাজি ও ব্যান্ডপার্টির আয়োজন। মাইকে খেলার ধারাবর্ণনা প্রচারের পাশাপাশি ছিল র্যাফেল ড্র ও পুরস্কারের আয়োজন। নারী ও শিশু সদস্যদের জন্য ছিল নানা ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন। পারিবারিক সম্প্রীতির এ আয়োজন আনন্দের সঙ্গে উপভোগ করেন দর্শকেরাও।
কয়েকজন দর্শক জানান, ব্যতিক্রমী এ পারিবারিক প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে পরিবারের সদস্যরা ছাড়াও দূরের আত্মীয়স্বজন এক দিন আগেই নাইওর আসেন কানছগাড়িতে। কানছগাড়ির পাশাপাশি দুপুরের পর থেকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মহিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা ব্যান্ডের তালে তালে নেচে-গেয়ে শোভাযাত্রাসহ হাজির হন সেখানে। এরপর দুই ভাগে বিভক্ত হয়ে মাঠে নামেন তাঁরা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে অংশ নেওয়া দুই দল আর্জেন্টিনা ও জার্মানি দলের নাম দেওয়া হয় প্রতিদ্বন্দ্বী দুই দলের। খেলোয়াড়দের কোনো নির্দিষ্ট বয়স বা সংখ্যার ধরাবাঁধা নিয়ম ছিল না। দাদা-নাতি, বাবা-ছেলে, নানা-নাতি, জামাই-শ্বশুর—সব বয়সী সদস্য অংশ নেন প্রীতি ফুটবল ম্যাচে। নাগরিক জীবনের ব্যস্ততার ফাঁকে ব্যতিক্রমী এ খেলা উপভোগ করেন দর্শকেরাও।
বগুড়ার প্রবীণ সাংবাদিক ও দৈনিক করতোয়ার সহকারী সম্পাদক যাহেদুর রহমান প্রীতিম্যাচের উদ্বোধন করেন। তিনি বলেন, নানা কারণে পরিবার ভেঙে যাচ্ছে। পারিবারিক সম্পর্ক নষ্ট হচ্ছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অনুকরণীয় দৃষ্টান্ত। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি এবং পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম।
খেলার অন্যতম আয়োজক আমিনুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে দেড় যুগ ধরে এ প্রীতি ফুটবল ও আনন্দ আয়োজন করে আসছি। এ আয়োজন উপলক্ষে এলাকায় উৎসব আমেজ তৈরি হয়। সবাই খেলা উপভোগ করেন। আনন্দ-উৎসবে মেতে ওঠেন।’