ব্যথায় ভোগা মানুষের জন্য নতুন ওয়ার্ড চালু
ব্যথা-বেদনায় ভুগতে থাকা মানুষের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ১৮ শয্যার একটি ওয়ার্ড চালু করেছে গতকাল বৃহস্পতিবার। রিহ্যাবিলিটেশন মেডিসিন ওয়ার্ড নামের এই নতুন ওয়ার্ডে রোগীরা ভর্তি থেকে সেবা নিতে পারবেন। এর আগে রোগীরা শুধু বহির্বিভাগে সেবা পেতেন।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ওয়ার্ড পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগ। গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান ওয়ার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই ওয়ার্ডে রিউম্যাটোলোজি, আথ্রাইটিস, প্যারালাইসিস, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথাসহ বিভিন্ন জটিল রোগে ভোগা মানুষ চিকিৎসা পাবেন। যেকোনো অস্ত্রোপচারের পরই রিহ্যাবিলিটেশন সেবা প্রয়োজন হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান মো. মঈনুজ্জামান বলেন, বড় হাসপাতালগুলোয় রিহ্যাবিলিটেশনের জন্য এখন আলাদা ইনস্টিটিউট করা হচ্ছে। বিএসএমএমইউতে প্রতিদিন বহির্বিভাগে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক রোগী দেখা হয় রিহ্যাবিলিটেশন মেডিসিন ওয়ার্ডে। প্রতিদিন চারটি ইউনিটে আটজন চিকিৎসক পাঁচ-ছয় শ রোগী দেখেন। প্রয়োজনের তুলনায় ১৮ শয্যার আয়োজন সামান্য। ভবিষ্যতে সেবা সম্প্রসারণের চেষ্টা থাকবে।