ব্যবধান বাড়িয়েছেন শহর ও বন্দরের ভোটাররাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে। তবে কেন্দ্রওয়ারি ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জে  দুই প্রার্থীর মধ্যে লড়াই হলেও মূলত বন্দর আর শহরের ভোটাররাই এই বিশাল পার্থক্য গড়ে দিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর ও বন্দর—এই তিনটি থানার ২৭টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত। বৃহস্পতিবার এই তিন ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রে নির্বাচন হয়। ওয়ার্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার ২ ও ৩ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ২৫টিতেই হেরেছেন সাখাওয়াত হোসেন। এমনকি ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপির প্রার্থীরা জয়ী হলেও ২ নম্বর ওয়ার্ড বাদে বাকি ১১টিতেই সাখাওয়াত হোসেন হেরেছেন।

১৭৪টি কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। ভোটের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে নৌকা পেয়েছে ৫৬ হাজার ৫৫৫ ভোট। এখানে ধানের শীষ পেয়েছে ৪১ হাজার ৪৯৮ ভোট। ১০টি ওয়ার্ডে ভোটের পার্থক্য ১৫ হাজার ৫৭।

সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে ৮ ভোটে এবং ৩ নম্বর ওয়ার্ডে আইভীকে ৭৫৭ ভোটে হারিয়েছেন সাখাওয়াত হোসেন। বাকি ৮টি ওয়ার্ডেই তিনি হেরেছেন। অবশ্য এখানকার বেশির ভাগ কেন্দ্রেই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র থাকাকালেই শহরে ব্যাপক উন্নয়নকাজ করেছিলেন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে সিটি করপোরেশন নির্বাচিত হয়ে সেই ধারা অব্যাহত রাখেন। শহরের ভোটাররাও তাই মেয়র হিসেবে তাঁকে বেছে নিয়েছেন। ফতুল্লা ও শহরের ৮টি ওয়ার্ডে সেলিনা হায়াৎ আইভী ৬৪ হাজার ১৬২ ভোট পেয়েছেন। সেখানে সাখাওয়াত হোসেন পেয়েছেন ৩২ হাজার ৫৯০ ভোট। অর্থাৎ এই ৮টি ওয়ার্ডে ভোটের পার্থক্য ৩১ হাজার ৫৭২। এর মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডে ভোটের পার্থক্য সবচেয়ে বেশি। এখানে নৌকা যেখানে ১০ হাজার ৪৭৫ ভোট পেয়েছে, ধানের শীষ সেখানে পেয়েছে মাত্র ৩ হাজার ৭০৭ ভোট। এরপরেই ভোটের পার্থক্য সবচেয়ে বেশি ১৩ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের ভাই মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এখানে তিনি ১০ হাজার ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অথচ বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন এখানে মাত্র ৫ হাজার ৭১৯ ভোট পেয়েছেন। এর মানে কাউন্সিলর প্রার্থী বিএনপির নেতাকে ভোটাররা ভোট দিলেও মেয়র পদে সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিয়েছেন। এই ওয়ার্ডে আইভী পেয়েছেন ১০ হাজার ২৫৭ ভোট।

তৈমুর আলম খন্দকারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই খোরশেদ এখানে তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। জনগণের কাছে জনপ্রিয় বলেই তিনি বেশি ভোট পেয়েছেন। কিন্তু ভোটাররা যদি বিএনপির মেয়র প্রার্থীকে ভোট না দেয়, আমাদের তো কিছু করার নেই। আমরা আমাদের সাধ্যমতোই প্রচারণা চালিয়েছি।’

শহরের ভোটার রাজিব রায় প্রথম আলোকে বলেন, ২০০৪ সাল থেকেই শহরের লোকজন সেলিনা হায়াৎ আইভীর উন্নয়নকাজ দেখছে। কাজেই শহরের বাসিন্দারা মেয়র হিসেবে আইভীকে ভোট দেবেন, সেটাই স্বাভাবিক।

নারায়ণগঞ্জের বন্দর এলাকার ভোটার বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা পাভেল আহমেদ বলেন, ২০১১ সালে মেয়র নির্বাচিত হয়ে বন্দর এলাকার চেহারা আমূল পাল্টে দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এখানকার ভোটাররাও তাই আইভীর পাশে দাঁড়িয়েছেন।

ভোটের ফলও অবশ্য তা-ই বলছে। বন্দরের ৯টি ওয়ার্ডে বিএনপির প্রার্থী যেখানে ২২ হাজার ৬১২ ভোট পেয়েছেন, সেখানে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৫৩ হাজার ৮৮৫ ভোট। অর্থাৎ ৩১ হাজার ২৭৩ ভোট বেশি পেয়েছেন আইভী।

বন্দর এলাকার ২১, ২২, ২৫, ২৬ ও ২৭—এই পাঁচটি ওয়ার্ডেই বিএনপির নেতারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কিন্তু এই পাঁচটি ওয়ার্ডেও সাখাওয়াত হোসেন জিততে পারেননি।

২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী হিসেবে মেয়র নির্বাচিত হন আইভী। দলীয় প্রতীকে অনুষ্ঠিত এবারের প্রথম সিটি করপোরেশন নির্বাচনেও তিনি জয়ী। এর আগে ২০০৩ সালে পৌর মেয়র হিসেবে আইভীকে বেছে নিয়েছিলেন নারায়ণগঞ্জবাসী।

বিপুল ভোটে নির্বাচিত হওয়ার কারণ প্রসঙ্গে সেলিনা হায়াৎ প্রথম আলোকে বলেন, তাঁর বাবা আলী আহমেদ চুনকাই তাঁকে শিখিয়েছেন কীভাবে মানুষকে ভালোবাসতে হয়। জনপ্রতিনিধি হিসেবে তিনি উন্নয়নকাজের পাশাপাশি গতবারের অসমাপ্ত কাজগুলোও সমাপ্ত করার অঙ্গীকার দিয়েছেন।