ব্যবধান ১২ কিলোমিটার দামের পার্থক্য ৬০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় তরকারির অন্যতম পাইকারি মোকাম মহাস্থান বাজার। এই বাজার থেকে বগুড়া শহরের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। অথচ মাত্র ১২ কিলোমিটার দূরত্বের ব্যবধানে সবজির দামের ফারাক আকাশ-পাতাল।
গত শনিবার মহাস্থান বাজারে যে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ১০০ টাকা, এর ১০ কিলোমিটার দূরে বগুড়ার ফতেহ আলী বাজারে তা খুচরা বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকায়। শুধু কাঁচা মরিচই নয়, মহাস্থান বাজারের ৩৫ টাকা কেজির শসা ফতেহ আলী বাজারে ৬০ টাকা, মহাস্থান বাজারের ২০ টাকা কেজির গোল বেগুন ফতেহ আলী বাজারে ৬৪ টাকা, মহাস্থান বাজারের ২০ টাকা কেজির করলা ফতেহ আলী বাজারে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
১২ কিলোমিটার দূরে সব ধরনের সবজির প্রায় দ্বিগুণ দামে বিক্রির যৌক্তিক কোনো কারণ জানাতে পারেননি সবজি ব্যবসায়ীরা। মহাস্থান পাইকারি বাজার ঘুরে চাষি, আড়তদার, পাইকারি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে কাঁচা মরিচের দাম ছিল প্রতি পাল্লা (৫ কেজি) মানভেদে ৫০০ থেকে ৫৫০ টাকা। অথচ বগুড়ার ফতেহ আলী বাজারে সেই মরিচই বিক্রি হতে দেখা গেছে ১৬০ টাকা কেজি দরে।
মহাস্থান বাজারের সবজির পাইকার ব্যবসায়ী হাসান আলী জানান, এ বাজারে বর্তমানে প্রতি মণ পেঁপে ৫০০ টাকা, শসা এক হাজার ৪০০, জালি কুমড়া প্রতিটি গড়ে আট টাকা, মুলা প্রতি মণ ৫০০ টাকা, লম্বা বেগুন প্রতি মণ ৮০০ থেকে ৯০০ টাকা, গোল বেগুন ৮০০ টাকা, বরবটি প্রতি মণ ৫০০ টাকা, করলা প্রতি মণ ৮০০ টাকা দরে কেনাবেচা হচ্ছে।
বাজারের পাইকারি ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগেও এসব সবজির দাম ছিল এখনকার চেয়ে অর্ধেকেরও কম। এখন খুচরা বাজারে চাহিদা বাড়ায় পাইকারি বাজারেও এসব সবজির দাম বেড়েছে। কাঁচা মরিচের আড়তদার খলিলুর রহমান বলেন, বর্ষায় এমনিতেই কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এবার বর্ষাকালে রোজা শুরু হওয়ায় কাঁচা মরিচের চাহিদাও বেড়েছে। ফলে বর্ষা ও রোজার কারণে দাম অনেক বেড়ে গেছে। মহাস্থান বাজারের ১২ টাকা কেজির পেঁপে ফতেহ আলী বাজারে ২০ টাকা এবং ১০ টাকার বরবটি এখানে বিক্রি হয়েছে প্রতি কেজি ২০ টাকায়।
ফতেহ আলী বাজারের সবজি ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘মহাস্থান মোকামে গিয়ে সবজি কেনা সম্ভব হয়নি। ব্যাপারিরা মোকাম থেকে সবজি কিনে এনে বেশি লাভে এখানে বিক্রি করেন। খুচরা ক্রেতাদের কাছে যৌক্তিক লাভেই সেই সবজি বিক্রি করা হয়। তা ছাড়া মোকামের পাইকারি দামের সঙ্গে খুচরা বাজারের তুলনা করে লাভ নেই। কারণ মহাস্থান পাইকারি বাজারের পাশে সবজির খুচরা বাজারে যে দামে সবজি কেনাবেচা হয়, ফতেহ আলী বাজারে তার চেয়েও কম দামে সবজি বিক্রি হয়।