বাগেরহাটের শরণখোলায় শিক্ষক ও ব্যবসায়ী আরিফ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার উপজেলা সদরের রায়েন্দা বাজারে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। একই দাবিতে এদিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আরিফ হোসেন অভিযোগ করেন, তিন বছর আগে তিনি কালাম ফরেস্টার নামে পরিচিত স্থানীয় একজনের কাছ থেকে পাঁচ শতক জমি কেনেন। পরের বছর কালাম ওই সম্পত্তি নিজের দাবি করে আদালতে মামলা করেন। মামলার রায় তাঁর (আরিফ) পক্ষেই যায়। গত রোববার তিনি সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করলে কালামের পক্ষ হয়ে পুলিশ এসে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর চালানোসহ আরিফ ও তাঁর পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে প্রচণ্ড মারধর করে। থানায় নিয়েও আরিফ, তাঁর স্ত্রী শাহানা বেগম (৩২) ও ছেলে লিপুকে (১৪) মারধর করে পুলিশ।
ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় এলাকাবাসী থানা ঘেরাও করে আটক পরিবারটির মুক্তি ও চিকিৎসা এবং ওসিসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার ও বিচারের দাবি জানান।
ওসি রেজাউল করিম বলেন, কালাম ফরেস্টারের অভিযোগের ভিত্তিতে এসআই মাহবুবসহ পুলিশ ঘটনাস্থলে গেলে ওই শিক্ষক তাঁদের ওপর হামলা চালান।