ব্যবসা করায় সমবায় সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ব্যবসা করায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২২ সেপ্টেম্বর দুদকের সচিব আবু মোহাম্মদ মোস্তফার সই করা চিঠিতে ওই সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দুদককে অবহিত করতে বলা হয়েছে।

দুদকের চিঠির সঙ্গে এনামুল হক নামের এক ব্যবসায়ীর পক্ষ থেকে প্রশান্ত কুমার রায়কে দেওয়া আইনি নোটিশ ও সংযুক্ত হিসেবে কিছু নথি দেওয়া হয়েছে। এসব নথি পর্যালোচনা করে দুদক দেখতে পেয়েছে, প্রশান্ত কুমার রায়ের সঙ্গে এনামুল হক দেড় কোটি টাকা বিনিয়োগের বিষয়ে একটি ব্যবসাবিষয়ক চুক্তি করেন। চুক্তি অনুযায়ী অর্থ ফেরত না দেওয়ায় এনামুল হক আইনজীবীর মাধ্যমে প্রশান্ত কুমারকে আইনি নোটিশ দেন। প্রশান্ত কুমার ওই আইনি নোটিশের জবাবও দিয়েছেন।

দুদকের চিঠিতে বলা হয়েছে, ওই আইনি নোটিশ ও দুই পক্ষের মধ্যে ই-মেইলের অনুলিপি পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে যে, প্রশান্ত কুমার মেসার্স ডেনিম পলিমার ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স ডেনিম এক্সপোর্ট নামের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। বিষয়টি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫-এর লঙ্ঘন।

১৯ সেপ্টেম্বর ‘সমবায়সচিবের বাণিজ্যিক তৎপরতা?’ শীর্ষক একটি সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়ের কাছ থেকে ব্যবসায়ী এনামুল হকের ব্যবসার টাকা ফেরত চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।