ব্যবসা না থাকলেও আয় ও সম্পদ দুটিই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী বর্তমান মেয়র আবদুর রাজ্জাক প্রায় চার কোটি টাকার সম্পদের মালিক। পেশা ব্যবসা। কিন্তু তাঁর ব্যবসা বন্ধ রয়েছে। তা সত্ত্বেও গত পাঁচ বছরে তাঁর প্রায় ২০ লাখ টাকার সম্পদ বেড়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামায় মেয়র রাজ্জাক উল্লেখ করেছেন, তিনি সম্মানী ভাতা বাবদ প্রতিবছর ১ লাখ ৪৪ হাজার টাকা পান। এ ছাড়া বছরে ২৩ হাজার টাকা দোকান ভাড়া থেকে আয় করেন। কৃষি খাত ও অন্যান্য উৎস থেকে প্রতিবছর তাঁর আয় ৫০ হাজার টাকা। তাঁর দেওয়া এসব তথ্য নিয়ে অনেক ভোটার সন্দেহ পোষণ করেছেন।
আবদুর রাজ্জাক গত নির্বাচনের আগে হলফনামায় পেশা ব্যবসা বলে উল্লেখ করলেও ওই খাত থেকে কোনো আয় হয়নি। এবারও তিনি পেশা ব্যবসা বলে উল্লেখ করেছেন। এবার ব্যবসা বন্ধ রয়েছে বলে উল্লেখ করেন। এ কারণে এবারও এই খাত থেকে তাঁর কোনো আয় দেখানো হয়নি।
মেয়র আবদুর রাজ্জাক বিএনপির ভবানীগঞ্জ পৌরসভা শাখার সভাপতি। এই পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী তিনি। তাঁর হলফনামা ঘেঁটে দেখা যায়, ২০১০ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের নামে ব্যাংকে মাত্র পাঁচ হাজার টাকা জমা রাখার কথা উল্লেখ করলেও এবার করেছেন ছয় লাখ টাকা। ওই বছর সঞ্চয়পত্র না থাকলেও এবার তাঁর ১০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। সে সময়ে তিনি বছরে ইনস্যুরেন্স বাবদ ৬৮ হাজার জমা করলেও এখন প্রতিবছর জমা করেন ১ লাখ ১০ হাজার টাকা। সব মিলিয়ে গত পাঁচ বছরে তাঁর প্রায় ২০ লাখ টাকার সম্পদ বেড়েছে বলে হলফনামায় উল্লেখ করা তথ্য থেকে জানা গেছে। কিন্তু তাঁর সম্পদ বাড়লেও এর উৎস কী, তার উল্লেখ নেই।
মেয়র আবদুর রাজ্জাক বলেন, তিনি পৈতৃক সূত্রে সম্পদের মালিক। গত পাঁচ বছরে যা আয় করেছেন, তা বৈধভাবেই করেছেন। হলফনামায় কোনো মিথ্যা তথ্য দেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে এবং কোনো তথ্য গোপন রাখলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।