
ঘুরে দঁাড়াতে চায় আবাসন খাত। মানুষের প্রত্যাশা, মধ্যবিত্তের নাগালের মধ্য আসুক এই খাত। গঠন করা হোক সহজ শর্তের তহবিল। পাশাপাশি আইন মেনে চলুক সবাই। এসব নিয়েই এই আয়োজন
ঢাকার মিরপুর, রামপুরা ও মোহাম্মদপুর এলাকায় আটটি প্রকল্পে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ৮৫টি ফ্ল্যাট নির্মাণ করছে লুমিনাস বিল্ডার্স নামের আবাসন প্রতিষ্ঠান। মধ্যবিত্তদের জন্য তৈরি করা এসব ফ্ল্যাটের কাজ আগামী এক থেকে দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা। তবে গত এক বছর চেষ্টা করে একটি ফ্ল্যাটও বিক্রি করতে পারেনি প্রতিষ্ঠানটি।
ডিসেম্বর, ২০১৩ সাল। কয়েক মাসের টানা হরতাল-অবরোধ আর রাজনৈতিক সহিংসতার মধ্যে নিজের প্রতিষ্ঠানের ব্যবসা নিয়ে এই তথ্যই দিয়েছিলেন লুমিনাসের পরিচালক জাকির হোসেন। ঠিক এক বছর পর গত রোববার তিনি জানালেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ১৭টি ফ্ল্যাট বিক্রি হয়েছে।
আবাসন খাতের আরেক প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ওয়ান ক্রিয়েশন লিমিটেড বা বিওসিএল। গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ঢাকায় তাদের ২৪ প্রকল্পের ১০০টির মধ্যে ৬৫টি ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে। আট থেকে নয়টি ফ্ল্যাট পুরোপুরি তৈরি। পত্রিকায় ২৫ শতাংশ মূল্যছাড়ের বিজ্ঞাপন দিয়েও ক্রেতা পাচ্ছিল না প্রতিষ্ঠানটি। এক বছর পর কী অবস্থা, জানতে গত রোববার যোগাযোগ করলে বিওসিএলের ব্যবস্থাপনা পরিচালক সোয়েল রানা বললেন, ‘৩০টি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। নতুন দুটি প্রকল্প শুরু করেছি। দুই প্রকল্পে ৪০ ও ২৫টি করে ৬৫টি ফ্ল্যাট তৈরি হবে।’
গত বছর টানা রাজনৈতিক অস্থিরতার বড় ধস নামে আবাসন খাতে। ১০ থেকে ৩০ শতাংশ মূল্যছাড় দিয়েও ক্রেতাদের আকৃষ্ট করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। ফলে বেচাকেনা কমে যায় প্রায় শূন্যের কোঠায়। অনেকে ক্রয়াদেশ বাতিল করছেন। ফলে ফ্ল্যাট বিক্রি নয়, উল্টো ক্রেতাদের কোটি কোটি টাকা ফেরত দেওয়ার মতো জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। এ ছাড়া অনেকেই প্রকল্প বাস্তবায়নের গতি কমিয়ে দেয়। কেউবা কাজ বন্ধ করে কর্মী ছাঁটাই করে ব্যয় সংকোচন করে। আবাসন খাতের সঙ্গে রড, সিমেন্ট, কেব্লস ও ইলেকট্রিক ওয়্যার, পেইন্টস, টাইলস, সেনিটারিসহ প্রায় ২৬৯টির মতো পশ্চাৎপদ খাতেও নেতিবাচক প্রভাব পড়ে।
গত জানুয়ারি থেকে দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল। ফলে ধীরে ধীরে এই কালো ছায়া থেকে বের হতে শুরু করেছে আবাসন প্রতিষ্ঠানগুলো। অন্যান্য বছরের তুলনায় কম হলেও বেচাবিক্রি কমবেশি হচ্ছে। বেশ কয়েকজন আবাসন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
এদিকে পরিসংখ্যান দিয়ে একই কথা বলছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। তাদের হিসাব, ২০৯ সদস্য প্রতিষ্ঠান চলতি বছর এক হাজার ৭৪৯টি ফ্ল্যাট বিক্রি করেছে। অর্থের হিসাবে যা প্রায় ১ হাজার ২৭৩ কোটি ৭৪ লাখ টাকার সমান।
অবশ্য গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর চলতি বছর ব্যবসা কিছুটা বাড়ার কথা স্বীকার করলেও ব্যবসায়ীরা জানান, বিভিন্ন সমস্যায় জর্জরিত আবাসন খাত। ফলে সামগ্রিকভাবে সংকট কাটেনি। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে ফ্ল্যাটের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। সাধারণ ক্রেতারা স্বল্প সুদে ঋণসুবিধাও পাচ্ছেন না। ফলে অন্যান্য বছরের স্বাভাবিক সময়ের চেয়ে এখন বিক্রি কম। এমনকি যাঁরা ফ্ল্যাটের বুকিং দিয়েছেন, তাঁরাও সময়মতো কিস্তি পরিশোধ করতে পারছেন না।
রাজধানীতে ২০৯টি প্রতিষ্ঠানের অবিক্রীত আছে ১২ হাজার ১৮৫ ফ্ল্যাট। রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ২২২। এসব ফ্ল্যাটের আর্থিক মূল্য ৮ হাজার কোটি ৮১১ টাকা। আনুপাতিক হার বিবেচনা করলে অবিক্রীত এই ফ্ল্যাটের সংখ্যা হবে কয়েক গুণ বেশি, এমন তথ্য দিয়ে রিহ্যাব সভাপতি বলেন, স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য তহবিল করা হলে এসব ফ্ল্যাট দ্রুত বিক্রি হয়ে যাবে। এতে অনেক মানুষের আবাসন সমস্যার সমাধান হবে।
উদ্যোক্তারা জানান, বর্তমানে রাজধানীতে একটি প্রকল্প অনুমোদন নিতে গেলে ১৬টি সরকারি সংস্থার কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। প্রতিটি দপ্তরে ঘুরে একটি প্রকল্প অনুমোদনে এক থেকে দেড় বছর লেগে যায়। দীর্ঘদিন ধরে রাজউকে একটি ওয়ান স্টপ সার্ভিস সেল করার দাবি করে আসছে রিহ্যাব। তবে মন্ত্রণালয়ে একাধিকবার এ বিষয়ে বৈঠক হলেও এখনো কাজের কাজ কিছুই হয়নি।
লুমিনাসের পরিচালক জাকির হোসেন বলেন, ‘বিভিন্ন সংস্থায় ঘুষ দিয়েও প্রকল্প অনুমোদন করতে অনেকের এক থেকে দেড় বছর সময় লেগে যায়। তত দিনে সবকিছুর দাম বেড়ে যায়। ফলে আমরা আর চক্র থেকে বের হতে পারি না।’
জাকির বলেন, ‘বর্তমানে প্রতি মাসে এক-দুটি ফ্ল্যাট বিক্রি হলেও এটি স্বাভাবিক অবস্থা নয়। এতে কেবল কোনো রকমে প্রতিষ্ঠান চালিয়ে নেওয়া যায়। এটাকে অনেকটা লাইফ সাপোর্টের সঙ্গে তুলনা করা যায়।’
জানতে চাইলে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন প্রথম আলোকে বলেন, ধীরে ধীরে গত বছরের তৈরি হওয়া সংকট কাটছে সত্য। তবে এ খাতকে চাঙা করতে হলে সমস্যা সমাধানে সরকারকে ইতিবাচক উদ্যোগ নিতে হবে। অন্যথায় ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।