ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের প্রতিনিধিদলের মতবিনিময়
ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সংস্কৃতির বিনিময় বাড়ানোর আহ্বান
বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সংস্কৃতি বিনিময় বাড়ানোর ওপর জোর দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
৬ এপ্রিল ত্রিপুরার রাজধানী আগরতলায় মহাকরণে চট্টগ্রামের ব্যবসায়ী, সাংবাদিক, সাহিত্যিক ও চিত্রশিল্পীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মানিক সরকার বলেন, ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক মধুর ও সুদৃঢ়। এ সম্পর্ক আরও সক্রিয় ও দীর্ঘস্থায়ী করার জন্য দুই রাষ্ট্র পরিচালনাকারীদের ইতিবাচক ভূমিকা পালনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
মানিক বলেন, ‘আমরা লক্ষ করছি দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের চেতনা খণ্ড-বিখণ্ড করার জন্য অপপ্রয়াস চলছে। এর পেছনে অনেকগুলো হাত রয়েছে।’
এ জন্য দুই রাষ্ট্রের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মানিক সরকার বলেন, ‘এ অশুভ প্রয়াসকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিহত করার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নীরব থাকলে হবে না।’ একটি চক্র নবীন প্রজন্মকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তাদের বিভ্রান্ত ও বিপথগামী করার চেষ্টা করছে বলেও মনে করেন তিনি।
মতবিনিময় সভায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন বিষয়েও বিশদ আলোচনা হয়। ব্যবসায়ীদের পক্ষে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘উন্নত মান, স্বল্পমূল্য আর যোগাযোগ–সুবিধার কারণে ত্রিপুরায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা আছে। গত ১০ বছরে খাদ্যসামগ্রী, নির্মাণ উপকরণসহ বাংলাদেশি বিভিন্ন পণ্যের বড় বাজার গড়ে উঠেছে।’
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ত্রিপুরার অবদানের কথা স্মরণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরার রাজধানী আগরতলা একটি অবিস্মরণীয় নাম। আগরতলা ষড়যন্ত্র মামলা বাঙালির স্বাধিকার আন্দোলনকে করেছিল বেগবান। আগরতলা না থাকলে মুক্তিযুদ্ধের ইতিহাস হয়তো বা অন্য রকম হতে পারত। তা ছাড়া মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ শরণার্থী ভারতের এই ছোট্ট রাজ্যটিতে আশ্রয় নিয়েছিল। মুক্তিবাহিনীর অসংখ্য প্রশিক্ষণশিবির ছিল এখানে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আজিম আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক কামরুল হাসান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, মিডিয়া পরামর্শক এজাজ মাহমুদ, পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।