
দারিদ্র্যমুক্ত বিশ্ব কল্পনার আহ্বান জানিয়ে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমস্যা সমাধানের সঙ্গে যখন ব্যবসা সম্পৃক্ত হবে তখন আর কোনো সমস্যাই সমাধানের বাইরে থাকবে না।
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে গত সোমবার স্যোশাল বিজনেস অ্যান্ড মাইক্রোফিন্যান্স আয়োজিত এক সম্মেলনে ড. ইউনূস এ কথা বলেন। তিনি বলেন, ‘সম্ভব এবং অসম্ভবের ব্যবধান কমে আসছে। এটা এখন শুধু আমাদের কল্পনার ব্যাপার। চলুন একটি দারিদ্র্যমুক্ত বিশ্ব কল্পনা করি।’
গত মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, সামাজিক ব্যবসা প্রকল্প নিয়ে আলোচনা এবং সামাজিক উদ্ভাবনের চ্যালেঞ্জবিষয়ক এক প্রতিযোগিতার বিজয়ীদের নির্বাচিত করতে সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং সামাজিক উদ্যোক্তারা এতে অংশ নেন। সম্মেলন উদ্বোধন করেন নিউ হ্যাম্পশায়ার রাজ্য পরিষদের স্পিকার টেরি নরলিন। স্বাগত বক্তৃতা করেন মার্কিন কংগ্রেসের সদস্য ক্যারোল শেহা পর্টার।
বিশুদ্ধ পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও শরণার্থীদের আয়ের ব্যবস্থাসহ মোট ২২টি প্রকল্প সম্মেলনে উপস্থাপন করা হয়। পরে তিনটি প্রকল্পের জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস।