মৌলভীবাজারে ব্যবসা হারানোর আতঙ্কে ভুগছেন ক্ষুদ্র পোলট্রি খামারিরা। বৃহৎ পুঁজির সিপি বাংলাদেশ কোম্পানি খোলা বাজারে ব্রয়লার মুরগি বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু করায় এ আতঙ্কের সৃষ্টি হয়েছে। সিপি ব্রয়লার মুরগি নিয়ে নিয়মিত বাজারে এলে বৃহত্তর সিলেটের প্রায় ২০ হাজার ছোট খামার বন্ধ হয়ে যাবে।
গত বুধবার রাত সাড়ে আটটায় মৌলভীবাজার প্রেসক্লাবে ক্ষুদ্র পোলট্রি খামার বাঁচাও সিলেট বিভাগীয় কমিটি এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সিপি বাংলাদেশের মুরগির ডিম, এক দিনের ব্রয়লার ও এক দিনের লেয়ার বাচ্চা এবং পশুখাদ্য উৎপাদনের অনুমোদন রয়েছে। ব্রয়লার মুরগি (মাংসের মুরগি) বাণিজ্যিকভাবে উৎপাদনের অনুমোদন নেই। ১১ জুন হঠাৎ করে কোম্পানির মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর শাখায় উৎপাদিত ব্রয়লার মুরগি মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেট অঞ্চলে বাজারজাত শুরু করে। এতে বৃহত্তর সিলেট অঞ্চলের প্রায় ২০ হাজার ক্ষুদ্র পোলট্রি খামারি ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়েছেন।
খামারিরা অভিযোগ করেছেন, সিপি বড় কোম্পানি হওয়ায় তাদের উৎপাদন খরচ কম। ক্ষুদ্র খামারিরা সিপির সঙ্গে প্রতিযোগিতায় গিয়ে কম দামে বাজারজাত করতে পারেননি। তাঁদের বিক্রিযোগ্য মুরগি আটকে থাকায় এই এক দিনে বৃহত্তর সিলেটের ক্ষুদ্র খামারিদের প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ক্ষুদ্র পোলট্রি খামার বাঁচাও সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ও হবিগঞ্জ পোলট্রি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি কায়সার আহমদ শামীম। অন্যদের মধ্যে মৌলভীবাজার পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি আবদুর রহমান আশিক, মৌলভীবাজার পোলট্রি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এ বিষয়ে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড রহিমপুর শাখার ব্যবস্থাপক (প্রশাসন) মফিদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকার থেকে অনুমোদন নিয়েই দেশের বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে ব্যবসা করছি। আমাদের সব ধরনের পোলট্রি উৎপাদনের অনুমোদন আছে। আমরা অবৈধভাবে ব্রয়লার উৎপাদন করলে সরকারই বন্ধ করে দিত।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় প্রতিষ্ঠানের সঙ্গে ছোট প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে না পারার বিষয়টি মানবিক ও সামাজিক।