বান্দরবানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা শহরের উজানিপাড়া ও মধ্যমপাড়ার ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান অর্ধদিবস বন্ধ রাখেন। একই সঙ্গে তাঁরা মৌন মিছিল নিয়ে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেছে। ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিক লীগের কিছু নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা একজন ব্যবসায়ীর ওপর প্রথমে হামলা চালান এবং পরে সংগঠিত হয়ে আবারও দোকানপাটে হামলা চালানোর চেষ্টা করে।মধ্যমপাড়ার ব্যবসায়ী বাদল কান্তি দাশ বলেন, গত রোববার রাতে রিকশাভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রিকশাচালক তাঁর ওপর হামলা চালান। পরে ব্যবসায়ীরা ওই রিকশাচালককে সেখান থেকে তাড়িয়ে দেন। কিন্তু আধা ঘণ্টার মধ্যে ওয়াপদা ব্রিজ ও শেরেবাংলা নগর থেকে শতাধিক সন্ত্রাসী এসে তাঁর দোকানে হামলা চালায়। সন্ত্রাসীরা আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানোর চেষ্টা করলে ব্যবসায়ীরা তৎক্ষণাৎ সংগঠিত হয়ে তাদের প্রতিরোধ করেন।ব্যবসায়ী নেতা আবু মুছা ও আবু তাহের অভিযোগ করেন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মাজেদসহ কয়েকজন শ্রমিক লীগের নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোর চেষ্টা করে। থানায় জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ জন্য উজানি ও মধ্যমপাড়ার আতঙ্কিত ব্যবসায়ীরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে ব্যবসাপ্রতিষ্ঠান অর্ধদিবস বন্ধ, মৌন মিছিল করেন ও স্মারকলিপি দেন।সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর ও ডিসি-এসপির কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, হামলাকারী সন্ত্রাসীদের বেশির ভাগই পটুয়াখালী জেলার চর এলাকা থেকে বান্দরবানে আশ্রয় নেওয়া পলাতক আসামি। তারা মধ্যমপাড়ায় হামলা চালানোর পর এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মাজেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।পুলিশ সুপার কামরুল আহসান স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছেন।