সিলেট নগরের নেহার মার্কেটে গয়নার দোকানে লুটপাট ও গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে আজ রোববার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আবারও ধর্মঘট আহ্বান করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে আজ সকাল-সন্ধ্যা ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হবে। ধর্মঘট চলাকালে দুপুরে সমাবেশও অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া জানান, ধর্মঘট চলাকালে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হবেন ব্যবসায়ীরা। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গত বুধবার রাত আটটার দিকে বোমা ও গুলি ছুড়ে নেহার মার্কেটের নিচতলার তিনটি গয়নার দোকান লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে বিপণিবিতানের নিরাপত্তাকর্মী বাদশা মিয়া (৫০) নিহত হন। আহত হন সাতজন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আইয়ূব জানান, অপরাধীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে তৎপর রয়েছে। সিআইডির একটি দল অপরাধীদের আলামত সংগ্রহ করে তদন্ত অব্যাহত রেখেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।