ব্যবসাপ্রতিষ্ঠানে আর হামলা নয়
পাবনার বেড়া উপজেলায় ভবিষ্যতে ব্যবসাপ্রতিষ্ঠানে আর কোনো হামলা না হওয়ার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত শুক্রবার রাত আটটায় অনুষ্ঠিত সমাবেশে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আতঙ্কের শেষ থাকে না বেড়ার ব্যবসায়ীদের। কারণ, উত্তেজনার জের ধরে দুই দলের সামান্য সংঘর্ষ বাধলেই বাজারের দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট প্রায় অবধারিত। গত ২০ বছরে দুই দলের সংঘর্ষের জেরে বেড়া বাজার, করমজা বাজার, কাশীনাথপুর বাজার, হাটুরিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের দেড় শতাধিক দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে অনেক ব্যবসায়ী নিঃস্ব পর্যন্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের জেরে বেড়া বাজারের কয়েকটি দোকানে হামলার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আবারও আতঙ্ক বিরাজ করছে। দুই দলের হানাহানির জেরে ভবিষ্যতে ব্যবসাপ্রতিষ্ঠানে যাতে হামলার ঘটনা না ঘটে, সেই দাবিতে শুক্রবার বেড়া বাজারের ব্যবসায়ীরা সমাবেশ করেছেন। পৌর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে শতাধিক ব্যবসায়ী যোগ দেন। ভবিষ্যতে উপজেলার ব্যবসাপ্রতিষ্ঠানে আর কোনো হামলা না হওয়ার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হলেও সেখানে শুধু আওয়ামী লীগের নেতারা উপস্থিত হন। বৃহস্পতিবার ঘটে যাওয়া সংঘর্ষে বিএনপির অনেক নেতা-কর্মী আসামি হওয়ায় বিএনপির কোনো নেতা সেখানে উপস্থিত হননি বলে দলটির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে।
বেড়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্যসচিব শরিফ খান বলেন, ‘রাজনৈতিক সংঘাত হলেই তার জের এসে পড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর। আওয়ামী লীগ, বিএনপি ও প্রশাসনের কাছে আমরা এ অবস্থা থেকে মুক্তির দাবি জানাই। ভবিষ্যতে যে রাজনৈতিক দলের মিছিল-মিটিং থেকে দোকানপাট ভাঙচুর হবে সেই দলের নেতাদেরই তার দায়িত্ব বহন করতে হবে। সমাবেশে এ কথাগুলোই আমরা জানিয়েছি।’
বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীরা যে দলেরই হোন না কেন, তাঁদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত। অতীতে যেসব হামলা-ভাঙচুর হয়েছে তার সঙ্গে বিএনপির সন্ত্রাসীরাই জড়িত। ভবিষ্যতে যত উত্তেজনাকর পরিস্থিতিরই সৃষ্টি হোক না কেন যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইজউদ্দিন মুঠোফোনে বলেন, ‘বিএনপি কখনোই ভাঙচুর, লুটপাটের রাজনীতি করে না। আমরা ছাড় দিয়ে হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে চলি। অতীতে আমাদের নেতা-কর্মীরা কখনোই ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল না, ভবিষ্যতেও থাকবে না। বরং বাজারের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে কেউ যাতে হামলা না করতে পারে, সে ব্যাপারে আমাদের কড়া দৃষ্টি থাকবে।’
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাঁদের নিরাপত্তার জন্য আমরা সদা প্রস্তুত আছি।’