ব্যবসাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বন্দরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গত শুক্রবার রাতে ছাত্রলীগের কয়েকজন কর্মী হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, আলীপুর চৌরাস্তা এলাকায় তিনি গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রি এবং মোটরসাইকেল মেরামতের কাজ করেন। শুক্রবার পর্যটকদের বহন করা বাসগুলো ফেরি পার হওয়ার জন্য চৌরাস্তা থেকে আলীপুর ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে। তিনি অভিযোগ করেন, রাত সাড়ে আটটায় ছাত্রলীগের স্থানীয় কর্মী শাহীন হাওলাদার, সুমন হাওলাদার ও রুবেল মুসুল্লির নেতৃত্বে ১০-১২ জন লোক বাসযাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তাদের একজন এক পর্যটকের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। একপর্যায়ে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে তিনি ধাক্কা খান। এই সামান্য ঘটনা নিয়ে ছাত্রলীগের কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালান। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে স্থানীয় লতাচাপলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ফকির বলেন, ‘আমাদের কয়েকজন কর্মীর সঙ্গে পর্যটকদের ভুল-বোঝাবুঝি হয়। তখন সোহেল এসে আমাদের এক কর্মীকে ধাক্কা দেন। তখন দোকানের ঝাঁপের ওপর লাঠির কয়েকটি বাড়ি পড়তে পারে; ভাঙচুর করার অভিযোগ সঠিক নয়।’কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসনাইন পারভেজ বলেন, পর্যটকদের উত্ত্যক্ত করা নিয়ে মূলত ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে পাওয়া যায়নি।