ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুই সহোদরকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল শনিবার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা দুই সহোদরকে কুপিয়ে ক্যাশ বাক্স থেকে এক লাখ টাকা নিয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানা (৩০) ও তাঁর ভাই রাশেদুল ইসলামকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সাত-আটজন দুর্বৃত্ত কামরাঙ্গীরচরের খলিফাঘাটে রনি মার্কেটে একটি প্লাস্টিক সামগ্রীর দোকানে ঢুকে চাপাতি নিয়ে দোকানের মালিক মাসুদ ও তাঁর ভাই রাশেদুলের ওপর চড়াও হয়। তারা দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন দুই ভাইকে হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা দাবি করেন, সন্ত্রাসীরা অতর্কিতে দোকানে ঢুকে দুই ভাইকে কুপিয়ে তাঁদের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে গেছে। হামলাকারীদের নাম তাঁরা জানেন না। তবে দেখলে তাদের চিনবেন বলে জানান। যোগাযোগ করা হলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সিকদার প্রথম আলোকে জানান, লোডশেডিংয়ের সময় জেনারেটর দিয়ে প্লাস্টিক সামগ্রীর দোকানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গতকাল সন্ধ্যায় জসিমউদ্দিন, জহির ও সুশান্ত নামের তিন যুবক পাওনা বিদ্যুতের বিল নিতে গেলে দোকানি মাসুদ ও রাশেদুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে জসিমের সহযোগীরা এসে মাসুদ ও রাশেদুলকে কুপিয়ে জখম করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জসিম, জহির ও সুশান্তকে গ্রেপ্তার করা হয়।