শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে অভিযোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
ভ্রাম্যমাণ আদালতের নামে অযৌক্তিকভাবে অর্থদণ্ড আদায় ও ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে গতকাল বুধবার শেরপুর জেলা শহরে ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটে ধর্মঘট পালন করা হয়। ফলে সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের হোটেল-রেস্তোরাঁসহ সব দোকানপাট বন্ধ থাকে।ধর্মঘট চলাকালে ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন এবং জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন। শেরপুর সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ গত মঙ্গলবার রাতে এ ধর্মঘটের ডাক দেয়।এদিকে ধর্মঘট চলাকালে শহরের শহীদ বুলবুল সড়কে শেরপুর সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম মোহাম্মদ কিবরিয়া।প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শেরপুর দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. লুৎফর রহমান, মনোহারী দোকান মালিক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক বাদলচন্দ্র সরকার, শেরপুর চেম্বারের সহসভাপতি প্রকাশ দত্ত ও কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. আনছার আলী তালুকদার, জেলা মিল মালিক সমিতির সভাপতি মো. আশরাফুল আলম, আবুল কাশেম, দিলীপ পোদ্দার, বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, আজিজুর রহমান প্রমুখ।সমাবেশে ব্যবসায়ী নেতারা অভিযোগ করে বলেন, ভেজালবিরোধী অভিযানের নামে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আদালতের দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থদণ্ড আদায় ও অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। বিশেষ করে, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট স্বল্প পুঁজির ব্যবসায়ীদের এমন পরিমাণ জরিমানা বা অর্থদণ্ড নির্ধারণ করেন, যা তাঁদের পক্ষে পরিশোধ করা সম্ভব হয় না। ফলে তাঁরা জেল খাটতে বাধ্য হন। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ভ্রাম্যমাণ আদালতের নামে অযৌক্তিক জরিমানা আদায় বন্ধ করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যবসার প্রতিনিধিকে সংযুক্তকরণ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম গুলশান আরাকে অবিলম্বে শেরপুর জেলা থেকে প্রত্যাহার করা, ভেজালদ্রব্য নির্ণয়ের জন্য ভ্রাম্যমাণ আদালতে ওই বিষয়ে বিশেষজ্ঞ রাখা ও কোনো পণ্যসামগ্রী জব্দ করা হলে তাৎক্ষণিকভাবে তার জব্দ তালিকা সংশ্লিষ্ট ব্যবসায়ীকে দেওয়া।জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বলেন, স্মারকলিপিতে উল্লিখিত ব্যবসায়ীদের দাবিগুলো বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যেন অযৌক্তিকভাবে কোনো ব্যবসায়ীকে হয়রানি না করেন, সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।