চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ঘটেছে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা। গতকাল শনিবার সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে মতলব বাজারে ৮ ফেব্রুয়ারি থেকে স্থানীয় জনসাধারণ স্থানীয় সাংসদ রফিকুল ইসলামের নেতৃত্বাধীন মাসুম বাদল-ফরাজী গ্রুপ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন আল আমিন-কচি গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের সাত-আটজন আহত হয়। সংঘর্ষের ঘটনায় ৯ ফেব্রুয়ারি মতলব থানায় আল আমিন-কচি গ্রুপের ১৩ জনকে আসামি করে একটি মামলা করলে পুলিশ ওই রাতে ছয়জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া পরদিন ১০ ফেব্রুয়ারি রাত আটটায় দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের মাসুম বাদল-ফরাজী গ্রুপের ২০-২৫ জন এসে আল আমিন-কচি গ্রুপের জালালের ব্যবসাপ্রতিষ্ঠান এবং দেলোয়ারের সিএনজিচালিত অটোরিকশার ওপর হামলা চালায়।