ব্যবসাপ্রতিষ্ঠানে মাদক রেখে হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় শত্রুতার জের ধরে ব্যবসাপ্রতিষ্ঠানে মাদকদ্রব্য রেখে নিরীহ লোকজনকে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি শহরের দুটি প্রতিষ্ঠানে মাদক রেখে দুই ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এতে শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি সংঘবদ্ধ চক্র এই অপকর্মের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত ৫ অক্টোবর রাতে এভাবে এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগে বরগুনা পৌরসভার কর আদায় সহকারী মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ৩০ আগস্ট শহরের সদর রোড এলাকার মামুন মেশিনারিজ স্টোরের ঠিকানায় পাঠানো একটি কার্টুন নিয়ে আসেন নাসিমুল করিম নামে এক ব্যক্তি। নাসিমুল বরগুনা-ঢাকা নৌপথের এমভি টিপু-৩ লঞ্চের কেরানি। কিছুক্ষণ পরই কে বা কারা র‌্যাব সদস্যদের খবর দেয়, ওই দোকানে কার্টুনে ভরে ফেনসিডিল আনা হয়েছে। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা ওই দোকানে গিয়ে কার্টুনটির মধ্যে থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় ওই দোকানের মালিক মামুনসহ দুজনকে আটক করে র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ওই দিন রাতেই তাঁদের দুজনকে ছেড়ে দেওয়া হয় এবং নাসিমুলকে আটক করে বরগুনা থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল মুবিন বরগুনা থানায় মামলা করেন। মামলার তদন্তকালে নাসিমুলের মুঠোফোনের কললিস্ট যাচাই করে এ ঘটনায় মনির হোসেনের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। মঙ্গলবার রাতে মনির হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তিনি ফেনসিডিল পাঠিয়ে মামুনকে হয়রানি করার কথা স্বীকার করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল হোসেন বলেন, মনির হোসেন স্বীকারোক্তিতে জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ওই কেরানিকে দিয়ে মামুনকে ফাঁসাতে চেয়েছিলেন। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু সড়কের ব্যবসায়ী ওমর ফারুকের দোকানে বিছানার চাদর কিনতে এসে দেশলাইয়ের বাক্সে সামান্য হেরোইন ফেলে রেখে যায় এক মাদকসেবী। ওই দোকানে হেরোইন আছে এমন খবর দেওয়া হলে র‌্যাবের সদস্যরা সেখানে আসেন এবং দেশলাইয়ের বাক্সটি উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাবের সদস্যরা ফারুককে আটক করে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। এ সময় স্থানীয় লোকজন আপত্তি জানালে র‌্যাবের সদস্যরা তাঁকে জেলা মাদকদ্রব্য কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। পরে এলাকার লোকজন ওই মাদকসেবীকে র‌্যাব সদস্যদের সামনে নিয়ে যায়। ব্যবসায়ী ফারুককে ফাঁসানোর জন্য এ কাজ করার কথা স্বীকার করেন মাদকসেবী। ফারুক ছাড়া পান। র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের পরিচালক মেজর কাজী শমসের উদ্দীন বলেন, ‘আমরা নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকি।’