ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে আমিন কমপ্লেক্সের ক্যাফে আমিনে গতকাল মঙ্গলবার বিকেলে সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা আমিন কমপ্লেক্সের ক্লোজ সার্কিট ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে এবং ক্যাফে আমিন হোটেলের ক্যাশবাক্স থেকে দেড় লাখ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হকের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করায় তাঁর অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে একদল যুবক আমিন কমপ্লেক্সের ক্যাফে আমিনে ওই হামলা চালান।জানা গেছে, সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক হুসাইন মোহাম্মদ রাজিব গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হকসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আরজিতে বলা হয়েছে, গত সোমবার সকাল ১০টার দিকে বাদী কর্মস্থল সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সামনে রিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে সম্প্রতি বিলুপ্ত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন লিটন ও সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের অংশীদার আবু সাঈদ রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁকে অপহরণ করে আওয়ামী লীগের নেতা আমানুল হকের বাড়িতে নিয়ে যায়। সেখানে আমানুল হক তাঁর অনুসারীদের বাদীকে হত্যার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে তাঁকে বেদম প্রহার করা হয়। এরপর আসামিরা ১৫০ টাকার একটি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক তাঁর সই নেয়। আরজিতে আরও বলা হয়, এ ঘটনার আগের দিন এই সন্ত্রাসীরাই তাঁকে মারধর করেছিল। এ ঘটনায় তিনি সদর থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও আমিন কমপ্লেক্সের স্বত্বাধীকারী আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, এই প্রতিষ্ঠানে তাঁর সঙ্গে আবু সাঈদ রিপনের অংশীদারিত্ব রয়েছে। কিন্তু সম্প্রতি সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টার নিয়ে তাঁর সঙ্গে রিপনের বিরোধ দেখা দেয়।আমিনুল আরও জানান, রাজিব তাঁর পক্ষে অবস্থান নেওয়ায় রিপন ক্ষুব্ধ হয়ে ১৭ অক্টোবর ছাত্রলীগের সমর্থকদের সঙ্গে নিয়ে রাজিবকে মারধর করেন। এ ঘটনায় রাজিব সদর থানায় মামলা করলে পরদিন আবারও সন্ত্রাসীরা তাঁকে মারধর করে।আমিনুল বলেন, ‘রাজিব গতকাল আদালতে মামলা করায় সন্ত্রাসীরা আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে। এতে প্রতিষ্ঠানের অন্তত আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করায় আমি হতবাক। যারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, তারাই আমাকে ফাঁসাতে আমিন কমপ্লেক্সের ক্যাফে আমিনে ভাঙচুর করেছে।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম বলেন, ‘আমানুল হকের বিরুদ্ধে মামলার কপি আমি পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ১৭ অক্টোবর রাজিব সদর থানায় একটি মামলা করেছিলেন। সেটি তদন্ত করা হচ্ছে।