ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি বাজারে গত বুধবার রাতে প্রতিপক্ষের হামলায় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন করেছেন মহিপুর বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন।
এলাকাবাসী সূত্র জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে উপজেলার মহিপুর কলোনি গ্রামের খেলার মাঠটি স্থানীয় জামে মসজিদে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত। এই মাঠের উত্তর পাশে আরিফ মাহমুদের জায়গা রয়েছে। ওই জায়গায় তিনি একটি দোকান নির্মাণ করছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তরফদার ফটোস্ট্যাট দোকানের মালিক লাবু তরফদার বলেন, ‘বেশ কিছু দিন ধরে খেলার মাঠের একটি অংশ ব্যক্তিগত সম্পত্তি বলে আরিফ মাহমুদ দাবি করে আসছেন। তিনি ওই জমিতে দোকানঘর নির্মাণ করছেন। আমিসহ গ্রামবাসী এর প্রতিবাদ করায় আরিফ মাহমুদের নেতৃত্বে ৫০-৬০ জন লাঠিসোঁটা নিয়ে গত বুধবার রাত সাতটার দিকে বাজারে হামলা করেন। এ সময় আমাদের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের সাটার (সন্মুখ ভাগ) ভাঙচুর করা হয়।’ একই ধরনের কথা জানান অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যমুনা ফার্মেসির রেজাউল করিম ও মুদি দোকানের মালিক আবদুল গণি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আরিফ মাহমুদ দাবি করেন, মাঠের পাশে তিনি নিজস্ব জায়গায় একটি দোকানঘর নির্মাণ করছেন। এতে লাবু তরফদারসহ তাঁর অনুসারীরা বাধা দিয়ে আসছেন। প্রতিপক্ষের লোকজন নিজেরাই দোকানের ক্ষতিসাধন করে তাঁর ওপর দোষ চাপানো চেষ্টা করছেন।
অপরদিকে মহিপুর কলোনি গ্রামের জামে মসজিদের সদস্য আবদুল আলীম বলেন, ওই খেলার মাঠের ৭৯ শতাংশ জামে মসজিদ ও ৫৪ শতাংশ মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। মসজিদ কমিটি মসজিদের উন্নয়নের জন্য ওই মাঠের কিছু অংশ দোকানঘরের জন্য বরাদ্দ দিয়ে আয় করছে।
মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রশিদ মণ্ডল বলেন, বাজার ও দোকানঘর বরাদ্দের নামে মাঠের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশে দোকানঘর নির্মাণ করায় মাঠ সংকুচিত হয়ে যাচ্ছে। মাঠটি খেলার পরিবেশ হারাতে বসেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, বুধবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।