ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ
দিনাজপুরে গ্রামীণফোনের পরিবেশক মেসার্স মৌলভী ব্রাদার্সের লগ ইনচার্জ এবং মহাব্যবস্থাপকের (জিএম) বিরুদ্ধে প্রতিষ্ঠানের কম্পিউটারের পাসওয়ার্ড হ্যাক করে মোবিক্যাশসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, লগ ইনচার্জ রাফায়েতুল ইসলাম প্রতিষ্ঠানের কম্পিউটারে থাকা বিভিন্ন তথ্যের সূত্র নষ্ট করে ফেলেন। এরপর নিজে পাসওয়ার্ড তৈরি করে মালিকের পাসওয়ার্ডে প্রবেশ করেন। তিনি কোম্পানির হিসাব গরমিল করে ইচ্ছামতো দৈনিক প্রতিবেদন তৈরি করতে থাকেন। এভাবে তিনি ও জিএম আবদুল মোতালেব মোবিক্যাশসহ বিভিন্ন পণ্য বিক্রির ১ কোটি ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, মৌলভী ব্রাদার্স দুভাবে মোবিক্যাশ ক্রয় করে থাকে। একটি হলো সরাসরি গ্রামীণফোনের কাছ থেকে ও বিক্রয় নির্বাহীর মাধ্যমে। বিধান না থাকলেও রাফায়েতুল জিএম মোতালেবের সঙ্গে যোগসাজশ করে বিক্রয় নির্বাহীদের কাছ থেকে মোবিক্যাশের টাকা গ্রহণ করেছেন। তাঁরা সেই টাকা প্রতিষ্ঠানের সিমকার্ডে জমা না করে আত্মসাৎ করে কম্পিউটার ও খাতাপত্রে হিসাব মিলিয়ে রেখেছেন। একই সঙ্গে তাঁরা প্রতিষ্ঠানের গুদামে থাকা রিচার্জ কার্ড, সিম কার্ড ও মুঠোফোনসহ বিভিন্ন মালামাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। ওই দুই ব্যক্তি চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও ৬ অক্টোবর পর্যন্ত মোট ১ কোটি ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
মৌলভী ব্রাদার্সের স্বত্বাধিকারী শামীম কবির বলেন, ‘এ ঘটনায় আমি পুলিশ সুপার এবং দিনাজপুর শিল্প ও বণিক সমিতির কাছে লিখিত অভিযোগ করে বিচার দাবি করেছি। অন্যদিকে টাকা আত্মসাতের হিসাব দিতে না পেরে রাফায়েতুল ও তাঁর বাবা উল্টো আমার বিরুদ্ধে থানায় জিডি এমনকি দিনাজপুরে র্যা ব-১৩ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তদন্তে তিনি নিজেই ফেঁসে গেছেন।’
গত শুক্রবার এসপি হামিদুল আলম তাঁর কার্যালয়ে দিনাজপুর শিল্প ও বণিক সমিতির নেতা, মৌলভী ব্রাদার্সের স্বত্বাধিকারী শামীম কবির, লগ ইনচার্জ রাফায়েতুল, তাঁর বাবা ও পরিবারের সদস্য এবং বিক্রয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন।
রাফায়েতুল প্রথম আলোর কাছে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করলেও বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে টাকা আদায় করে খাতায় সই করার কথা স্বীকার করেন। জিএম মোতালেব বলেন, বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে টাকা রাফায়েতুলই তুলেছেন। তিনি শুধু সই করেছেন। রাফায়েতুল বিনা অনুমতিতে এ কাজ করেছেন। এসপি হামিদুল ইসলাম বলেন, বিষয়টি দিনের আলোর মতো সত্য যে রাফায়েতুল নিজে সই করে পুরো অর্থ আদায় করেছেন ও তা প্রতিষ্ঠানের হিসাবে জমা দেননি।