ব্যবসাপ্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার আহ্বান নিয়ে অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসাপ্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার দাবিতে ‘ভাষা অভিযাত্রা’ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল রোববার বিকেলে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট, কাঁটাবন ও বাটা সিগন্যাল এলাকায় এই অভিযাত্রা করা হয়।
১ ফেব্রুয়ারি থেকে দেশের সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার প্রচলন, বাংলাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষার মর্যাদা রক্ষা, বিদেশি ভাষা ও সাংস্কৃতিক আগ্রাসন রুখে দাঁড়ানো, ভাষার ভুল ও বিকৃতি রোধ, আদালত এবং দাপ্তরিক কাজে বাংলা ব্যবহারের দাবিতে এই অভিযাত্রা শুরু হয়। অভিযাত্রা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
গতকাল বিকেল পাঁচটার দিকে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ারের নেতৃত্বে আজিজ সুপার মার্কেটে অভিযাত্রা শুরু হয়। এ সময় তাঁরা ব্যবসাপ্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। এভাবে এই মার্কেটের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হয়৷ এ-সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় যেসব ব্যবসাপ্রতিষ্ঠানে ইংরেজিতে নামফলক রয়েছে, তারা সবাই বাংলায় নামফলক লেখার প্রতিশ্রুতি দেয়। এ ছাড়া ব্যবসার অন্যান্য কার্যক্রম বাংলায় চালু করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রচারণাকালে জামসেদ আনোয়ার প্রথম আলোকে বলেন, দেশের আইনে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে বলা হয়েছে। কিন্তু আজও তা পূর্ণাঙ্গ রূপ পায়নি৷ মানুষকে মাতৃভাষার মর্যাদা সম্পর্কে জানাতে ও সকল পর্যায়ে তার ব্যবহার নিশ্চিত করতেই এই প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, ইংরেজি ভাষার তুলনায় বাংলা খুব সহজে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলা ভাষায় নামফলক, বিজ্ঞাপন, প্রচারপত্র ইত্যাদি খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এই বিষয়গুলোই প্রচারপত্রের মাধ্যমে ব্যবসায়ীদের বোঝানো হচ্ছে। এভাবে শহরের অন্যান্য এলাকায় অভিযাত্রা করা হবে।