ব্যবসাবান্ধব নগর গড়ে তোলার প্রতিশ্রুতি নাছিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসাবান্ধব নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। ব্যবসায়ীদের সমস্যা দূর করা এবং চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করার কথাও বলেছেন তিনি। গতকাল রোববার দুপুরে নগরের বকশিরহাট ওয়ার্ডের আনসার ক্লাবের সামনে পথসভায় এসব কথা বলেন তিনি।
কখনো পায়ে হেঁটে, কখনো পিকআপে চড়ে গতকাল চট্টগ্রামের বাণিজ্য এলাকা খাতুনগঞ্জ, চাক্তাই, পোস্ট অফিস লেন, রাজাখালী সড়ক, নতুন চাক্তাই, শাহ আমানত সেতু সড়ক, আছাদগঞ্জ, কোরবানীগঞ্জ, লামাবাজার, বলুয়ার দিঘির পাড়, ঘাটফরহাদ বেগ, দেওয়ান বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন নাছির।
প্রতিদ্বন্দ্বী মনজুর আলমের সমালোচনা করে পথসভায় ব্যবসায়ীদের উদ্দেশে আ জ ম নাছির উদ্দিন বলেন, মনজুর আলম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে শুধু ট্যাক্স (কর) বাড়িয়েছেন। কিন্তু ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি কিংবা কোনো সুযোগ-সুবিধা বাড়াতে পারেননি। ট্যাক্সের টাকায় নগরের অবকাঠামোগত উন্নয়নও হয়নি। সদ্দিচ্ছা থাকলে ট্যাক্স না বাড়িয়েও উন্নয়ন করা যায়।
আ জ ম নাছির অভিযোগ করেন, গত পাঁচ বছর ব্যবসায়ীদের পদে পদে হয়রানির শিকার হতে হয়েছে। এ অবস্থার পরিবর্তনের জন্য তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
গণসংযোগের সময় আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রমুখ।
হাউজিং কো-অপারেটিভ সভায় নাছির: গতকাল সকালে নগরের নাসিরাবাদ এলাকায় হাউজিং কো-অপারেটিভ লিমিটেড কার্যালয়ে আওয়ামী লীগ-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আ জ ম নাছির উদ্দিন। এ সময় দলীয় প্রার্থীদের তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন নিয়ে আমি মেয়র প্রার্থী হয়েছি। আমাকে ভোট দিয়ে জয়ী করার মানে প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়া।’
মতবিনিময় সভায় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ৪১টি ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা নিজেদের জন্য ভোট চাচ্ছেন। তাঁরা যেন গণসংযোগের সময় নাছিরের জন্যও ভোট চান, সে জন্য এই মতবিনিময় সভা করা হয়েছে।