ব্যবসায়ী অমলের ভাতিজা দুদিন ধরে নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাপ্পী পোদ্দার (৩০) নামের এক যুবক ও তাঁদের বাড়ির তত্ত্বাবধায়ক দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বাপ্পী সোনারগাঁয়ে নিরীহ মানুষের জমি দখলের অভিযোগ ওঠা ব্যবসায়ী অমল পোদ্দারের ভাতিজা। এ ব্যাপারে গতকাল সোমবার সন্ধ্যায় অমল পোদ্দারের বড় ভাই উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের প্রদীপ পোদ্দার থানায় জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত রোববার বেলা আড়াইটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ছাই রঙের হাইয়েস মাইক্রোবাসে তাঁর বড় ছেলে বাপ্পী পোদ্দার ও তাঁদের বাড়ির তত্ত্বাবধায়ক একই গ্রামের আবদুল মালেকের ছেলে সোলাইমানকে (৩৮) উঠিয়ে নিয়ে যায়। তাঁরা নিখোঁজ হওয়ার পর তিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপার, র্যাব-১১-এর কার্যালয়ে যোগাযোগ করলেও তারা কোনো সন্ধান দিতে পারেনি। নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল, বেসরকারি চিকিৎসাকেন্দ্রসহ (ক্লিনিক) বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাঁদের খোঁজ মিলছে না।
প্রদীপ পোদ্দার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরসহ কোথাও আমার ছেলে ও বাড়ির তত্ত্বাবধায়ককে খুঁজে পাচ্ছি না। তাই থানায় সাধারণ ডায়েরি করেছি। তাঁদের কারা উঠিয়ে নিয়ে গেছে পুলিশকে তদন্ত করে তা বের করার জন্য আমি অনুরোধ জানিয়েছি।’