ব্যবসায়ী ও পোশাককর্মীর লাশ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাতিরঝিল থেকে জিয়াউল হক (৩৮) নামের একজন ব্যবসায়ীর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ফাতেমা বেগম (৩০) নামের একজন পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, গতকাল রাত দুইটার দিকে জিয়াউল হককে ছুরিকাঘাতের পর গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। জিয়াউলের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানায়। তিনি ঢাকার গোড়ান এলাকায় থাকতেন।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জিয়াউল জমি কেনাবেচার ব্যবসা করতেন। তদন্ত ছাড়া হত্যার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আরমানা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার সাততলার শৌচাগার থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, রাতে ওই কারখানায় শিফটিংয়ের কাজ চলছিল। রাত একটার দিকে কাজ শেষে নিরাপত্তা-কর্মীরা সাততলার শৌচাগার থেকে পানি পড়ার শব্দ পান। এরপর তাঁরা শৌচাগারে গিয়ে ফাতেমার লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাতেমার লাশ উদ্ধার করে। ফাতেমার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।