ব্যবসায়ী খুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামে জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা হত্যা করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মুদি দোকানি জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো বেচাকেনা শেষে মঙ্গলবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় চারটার দিকে পটিয়া থানার পুলিশের একটি দল ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় দোকানের দরজা খোলা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ সদস্যরা দোকানে ঢুকে জাহাঙ্গীরকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর মুখ ছিল রক্তাক্ত। ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার সকালে লাশটি মর্গে পাঠানো হয়েছে।
নিহত জাহাঙ্গীরের বাবা আবদুল মাবুদ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘কেউ আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করেছে।’
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল আলম বলেন, পূর্বশত্রুতাবশত কিংবা দুর্বৃত্তরা চুরি করতে এসে জাহাঙ্গীরকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা পটিয়া থানায় হত্যা মামলা করেছেন।