ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদের অনুসন্ধান করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি ম্যাগাজিনে মুসা বিন শমসেরকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ম্যাগাজিনে এ ব্যবসায়ীর জবানিতে তাঁর জীবনযাত্রা, আর্থিক সামর্থ্য ইত্যাদি নানা বিষয় উল্লেখ করা হয়। ওই ম্যাগাজিনে তাঁর সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় সাত বিলিয়ন ডলার (৫৩ হাজার ৯০০ কোটি টাকা প্রায়)।

দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, প্রতিবেদনে তাঁর (মুসা বিন শমসের) আয়, আয়ের উৎস, জীবনযাপনের কথা যেভাবে প্রকাশিত হয়েছে, সেটা দুদকের অস্বাভাবিক মনে হয়েছে। তাই এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।