ব্যবসায়ীকে হত্যা করে গয়না লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার সালনা বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে দোকানের সব স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত ব্যবসায়ী রঞ্জিত দাস সরকার (৩৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াকি এলাকার সুশীল সরকারের ছেলে।

পরিবার ও বাজারের ব্যবসায়ীরা জানান, রঞ্জিত প্রায় এক বছর আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন। কিছুদিন বেকার থাকার পর সালনা বাজারে চৈতি জুয়েলার্স নামের একটি গয়নার দোকান দেন। দুই দিন আগে শ্রীপুরের ধলাদিয়া এলাকার বলরাম (৪০) নামের এক ব্যক্তি রঞ্জিতের দোকানে কাজ নেন। গত বুধবার রাতে কাজ শেষে রঞ্জিত ও বলরাম দোকানেই ঘুমিয়ে পড়েন।

রঞ্জিতের ভাতিজির স্বামী গোপাল দাস গতকাল সকালে দোকানে এসে বাইরে তালা দেখতে পান। রঞ্জিতের মুঠোফোনও ছিল বন্ধ। পরে বাড়িতে ফিরে অতিরিক্ত চাবি এনে দোকানের তালা খুলে ভেতরে রঞ্জিতের লাশ দেখতে পান। এ সময় দোকানে কোনো স্বর্ণালংকারও ছিল না।

গোপাল দাস জানান, দোকানে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার ছিল। সবই লুট হয়েছে।

জয়দেবপুর থানার এসআই মাহফুজুর রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময়ে রঞ্জিতকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকে কর্মচারী বলরাম পলাতক।