ব্যবসায়ীদের তোপের মুখে ভ্রাম্যমাণ আদালতের বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কমল কুমার ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ওই বিচারক বদরগঞ্জ পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে ক্ষুব্ধ ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ রাজশাহীর বিএসটিআইয়ের সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহম্মেদকে সঙ্গে নিয়ে ওই দিন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেন। আদালত এ সময় বাজারের বিভিন্ন মাছ ও মাংসের দোকানের দাঁড়িপাল্লা ও বাটখারা পরীক্ষা করে ওজনে কম থাকার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেন। পরে তিনি গালা মাল ব্যবসায়ী কার্তিক কুন্ডুর দোকানে গিয়ে ওজনে কম দেওয়ার অভিযোগে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে দোকানপাট বন্ধ করে ওই বিচারককে ঘিরে ফেলেন। আত্মরক্ষার্থে দৌড়ে তিনি স্থানীয় একটি ইলেকট্রনিকসের দোকানে আশ্রয় নেন। সেখানে ব্যবসায়ীরা তাঁকে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। তাঁরা ওই বিচারকের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা স্থানীয় অগ্রণী ব্যাংকের সামনে রংপুর-পার্বতীপুর মহাসড়ক অবরুদ্ধ করেন। এতে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে সন্ধ্যার আগে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় সাংসদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা জরিমানার অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। পরে পুলিশ প্রহরায় ওই বিচারক স্থান ত্যাগ করেন।
বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সহসভাপতি আহমুদুল্লাহ বলেন, ‘ব্যবসায়ীদের বাটখারা ওজনে কম ছিল না। অহেতুক জরিমানা করা হয়। এতে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পড়েন।’
সহকারী কমিশনার কমল কুমার ঘোষ বলেন, ‘কয়েকজন ব্যবসায়ীর বাটখারা ২০ থেকে ৫০ গ্রাম পর্যন্ত ওজনে কম ছিল। এ কারণে জরিমানা করেছি। আমি যাতে আর অভিযান পরিচালনা করতে না পারি, এ জন্য কতিপয় ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে আদালতের ওপর ওই ঘটনা ঘটান।’
স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী বলেন, ‘জরিমানার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীদের শান্ত করেছি।’
ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বাজারে জনরোষের সৃষ্টি হয়েছিল। পরে সবার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’