ব্যবসায়ীদের ধর্মঘট ও সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গত শুক্রবার বিএনপি-জামায়াতসহ ১৮-দলীয় জোটের মিছিল থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।
গতকাল শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধর্মঘট পালিত হয়। ধর্মঘট চলাকালে ব্যবসায়ীরা আগুনে পুড়ে যাওয়া মালামালের ধ্বংসাবশেষ রাস্তার ওপর ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে পৌর বণিক সমিতি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়। ১২টার দিকে ধর্মঘটের ডাকে শহরের ব্যবসায়ীরা দোকাপাট বন্ধ করে রাস্তায় নেমে পড়েন। এ সময় ব্যবসায়ীরা প্রায় আধা ঘণ্টা প্রধান সড়কের টাউন হল মোড়ে মানববন্ধন করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা পুড়ে যাওয়া দোকানপাটের ধ্বংসাবশেষ প্রধান সড়কে ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। একই সময় বিক্ষোভ মিছিল শেষে ব্যবসায়ীরা জেলা জামে মসজিদ মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে পৌর বণিক সমিতির সভাপতি এ কে এম সাইফুদ্দিন সোহানসহ ব্যবসায়ী নেতারা বক্তৃতা করেন। বক্তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।