সিলেট নগরের জিন্দাবাজারের নেহার মার্কেটে বোমা-গুলি ছুড়ে সোনার দোকানে লুটপাটের ঘটনায় গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন শেখ কবীর ওরফে হেরোইন কবীর (৩৫), আবদুল জলিল ওরফে ফোকরা জলিল (৩২) ও নাহিদুল ইসলাম ওরফে কালা নাহিদ (৩৪)। স্থানীয় সূত্র জানায়, শেখ কবীর যুবলীগের এবং আবদুল জলিল ও নাহিদুল ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।
গত বুধবার রাতে নেহার মার্কেটে বোমা-গুলি ছুড়ে পরমা জুয়েলার্স, আল-বারাকা জুয়েলার্স ও কমলা ভান্ডার নামের স্বর্ণের দোকানে লুটপাট চালায় ডাকাতেরা। এ সময় বিপণিবিতানের নিরাপত্তাকর্মী (নৈশ) বাদশা মিয়া নিহত এবং সাতজন ব্যবসায়ী আহত হন।
ব্যবসায়ীদের অভিযোগ, ঘটনার শুরুতে পুলিশকে জানানো হলেও তারা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। এ কারণে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জিন্দাবাজার সড়ক বুধবার মধ্যরাত পর্যন্ত অবরোধ করে রাখেন। পরে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নগর পুলিশের পদস্থ কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আইয়ূব প্রথম আলোকে বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি ছিল না।
এদিকে সোনার দোকানে লুটপাটের সঙ্গে জড়িত ডাকাতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে গতকাল পূর্ণ দিবস ধর্মঘট পালন করেছেন সিলেটের জুয়েলারি ব্যবসায়ীরা।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল থেকে ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জিন্দাবাজার নেহার মার্কেটের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা জিন্দাবাজার-বারুতখানা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর সংখ্যাও বাড়তে থাকে। একপর্যায়ে ব্যবসায়ীরা জিন্দাবাজার মোড়ে গিয়ে অবরোধ করেন। এ সময় জিন্দাবাজার-আম্বরখানা, লামাবাজার-জেলরোড পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে এখান থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এ ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত ব্যবসায়ীরা নেহার মার্কেটের সামনের জিন্দাবাজার-বারুতখানা সড়কে বাঁশ ফেলে বন্ধ করে রাখেন।
একাধিক প্রত্যক্ষদর্শী ও নেহার মার্কেটের আশপাশের বিপণিবিতানের ব্যবসায়ীরা বলেন, বুধবার রাতে বিপণিবিতানে বোমা-গুলি ছোড়ার পর শঙ্কিত মানুষ নিরাপদ স্থানে চলে যায়। হামলার ধরন দেখে প্রথমে তাঁরা বিষয়টিকে রাজনৈতিক সহিংসতা মনে করেছিলেন। তাঁরা জানান, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লুটপাটকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
জুয়েলারি সমিতি সিলেটের সাধারণ সম্পাদক বাবুল আহমদ বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত সোনা উদ্ধারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি বলেন, ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তৎপর রয়েছে।