ব্যবসায়ীদের বর্জন আয়োজকদের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনার। সৈয়দপুর সিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়। তবে সেমিনারে কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অশোভন আচরণে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সেমিনার বর্জন করলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে অবশ্য আয়োজকদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হলে আবার সেমিনার শুরু হয়।
‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ-বিষয়ক সেমিনার’ শিরোনামে এ সেমিনারের আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র তথা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ও নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কাস্টমসের বিভাগীয় কর্মকর্তা মহিবুর রহমান ভূঁইয়া।
সেমিনারে অনলাইনে ভ্যাট প্রদানের পদ্ধতি সম্পর্কে আলোচনার একপর্যায়ে বক্তব্য দিতে আসেন ইটভাটা মালিক ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। তিনি কাস্টমসের বিভিন্ন অনিয়ম ও প্রকৃত করদাতাদের সঙ্গে কাস্টমস কর্মকর্তারা অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ তোলেন। একপর্যায়ে তাঁর বক্তব্য সেমিনারের বিষয়ভিত্তিক নয় বলে ভর্ৎসনা করা হয়। কাস্টমসের রংপুর বিভাগের সুপারিনটেনডেন্ট মনিরুল ইসলাম ওই বক্তাকে মঞ্চ ছাড়তে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। সৈয়দপুর পৌরসভার মেয়র কাস্টমস কর্মকর্তার আচরণের প্রতিবাদে সেমিনারস্থল ত্যাগ করেন। তাঁকে অনুসরণ করেন উপস্থিত ব্যবসায়ী ও অন্যরা।
মেয়র বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা আমাদের চাকর-বাকর মনে করেন। তাঁরা সেমিনারে প্রভুসুলভ আচরণ করেছেন। কাজেই আমরা সভা ত্যাগ করি।’ পরে প্রধান অতিথি উপস্থিত সবার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
অশোভন আচরণকারী কাস্টমস কর্মকর্তা মেয়রসহ সবার কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ নিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। সেমিনার স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। আর কোনো সমস্যা নেই।’