ব্যবসায়ীদের বিশ্বাসের জালে ২০ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ব্যাংকগুলো বিশ্বাসী ঋণ দিয়ে আটকে গেছে। ব্যবসায়ীদের একটি বড় অংশ এই সুযোগ নিয়ে বিপুল পরিমাণ অর্থ ভিন্ন খাতে নিয়ে গেছে। কয়েক বছর ধরে ঋণের নামে অর্থ তুলে নেওয়ার জন্য ব্যবসায়ীরা এই বিশ্বাসী ঋণকেই (এলটিআর বা লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিট) বেছে নিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে আমদানিপণ্য বাজারজাত করতে স্বল্প সময় বা ৯০ থেকে ১২০ দিনের জন্য নেওয়া বিশ্বাসী ঋণের (এলটিআর ঋণ) নয় হাজার ৩৫২ কোটি টাকা মেয়াদি ঋণে (পাঁচ বছরের) পরিণত হয়েছে। এই মেয়াদি ঋণের সিংহভাগ এখন খেলাপি। আর সব মিলিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের ব্যাংকগুলো এই বিশ্বাসী ঋণ দিয়েছে ৪৮ হাজার ৩১২ কোটি টাকা।
এর সিংহভাগ বেশি ঋণ গেছে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে। সেখানকার অন্তত ২০টি ব্যাংকের জন্য এখন প্রধান সমস্যাই হচ্ছে এই ঋণ ফেরত না পাওয়া। এরই মধ্যে চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ী ঋণ পরিশোধ না করে দেশ ছেড়েছেন বলে ব্যাংক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে। কয়েকটি কোম্পানি ব্যাংকঋণের অর্থ বিদেশেও পাচার করেছে। অন্তত দুজন ব্যবসায়ীর সন্ধান পাওয়া যায়, যাঁরা বিদেশে পাড়ি দিয়েছেন। এঁরা হলেন ইয়াসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাহের হোসেন। ব্যাংকগুলোতে তাঁর ৪৮১ কোটি টাকার ঋণ রয়েছে। আরেকজন ব্যবসায়ী হলেন গিয়াসউদ্দিন কুসুম। জাহাজভাঙা শিল্পের সঙ্গে জড়িত এই ব্যবসায়ীর কাছে ব্যাংকগুলোর পাওনা ৩০০ কোটি টাকার মতো।
ব্যাংকগুলো এই ঋণ আদায়ে অর্থঋণ আদালতে অন্তত পাঁচ হাজার কোটি টাকার মামলা করেছে। তবে দীর্ঘ ১০ মাস চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক না থাকায় মামলার কার্যক্রম আটকে ছিল। আগস্ট মাসে নতুন বিচারক যোগ দিয়েছেন। তাতেও খুব বেশি অর্থ আদায় করতে পারবে না ব্যাংকগুলো। কারণ, অনেক ব্যবসায়ী এসব মামলার বিপরীতে উচ্চ আদালতে আপিল আবেদন করে স্থগিতাদেশ পেয়েছেন।
শুরুতে প্রথম আলো, এরপরে বিভিন্ন গণমাধ্যমে এলটিআর নিয়ে লেখালেখি হলে বাংলাদেশ ব্যাংক এপ্রিল থেকে সমীক্ষা শুরু করে। এর বাইরে আগস্টের শেষ ভাগে চট্টগ্রামে গিয়ে নিজস্ব অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।
এই ঋণ ব্যবসায়ীরা নিয়েছিলেন আমদানি করা নিত্যপণ্য বাজারজাত করতে সর্বোচ্চ তিন মাসের জন্য। কিছু ক্ষেত্রে তা ছিল শিল্পের মধ্যবর্তী পণ্য আমদানির ঋণ, যা এক ধাপ উৎপাদন শেষে দেশের বাজারে বিক্রি করার কথা। কিন্তু বিশ্বাস ভঙ্গ করেছেন ব্যবসায়ীরা। ব্যাংকগুলোও যাচাই-বাছাই বা ভবিষ্যৎ বিশ্লেষণ ছাড়াই এই বিপুল অর্থায়ন করে ফেঁসে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্রগুলো বলছে, যে ১০-১৫ জন ব্যবসায়ী এই ঋণের বড় অংশ নিয়েছেন, তাঁরা সামাজিকভাবে প্রভাবশালী ও আমদানিপণ্যের বাজার নিয়ন্ত্রক। আবার সুবিধাভোগী ব্যবসায়ীরা এই ঋণ পাঁচ বছর মেয়াদের জন্য পুনঃ তফসিল করে নিয়েছেন। পাশাপাশি সুদ ও ঋণ মওকুফ করা হয়েছে। এমনকি নতুনভাবে সুদ হার কমানোও হয়েছে। অনেক ঋণ রাইট-অফ বা অবলোপনও করা হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এলটিআর ঋণ মেয়াদি ঋণে পরিণত হওয়া এবং তার সিংহভাগ খেলাপি হওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘বিশেষত চট্টগ্রামের কিছু ব্যবসায়ীর মধ্যে এই ঋণ কেন্দ্রভূত হয়েছে। ব্যবসায়ীরা তাঁদের ক্ষমতার বেশি ঋণ নিয়ে নিজেদের ও ব্যাংকের জন্য গলার কাঁটা হয়েছেন।’
এলটিআর ঋণের ধরনটি হচ্ছে—আমদানি করা পণ্য দেশে আসার পর ব্যবসায়ীর পক্ষে ব্যাংক বিদেশি ব্যাংককে অর্থ পরিশোধ করতে এই ঋণ সৃষ্টি করে। এ ক্ষেত্রে আমদানি করা মালামাল ব্যাংকের জিম্মায় থাকে না। ব্যবসায়ীকে বিশ্বাসে নিয়ে পুরো মালামাল তাঁদের জিম্মায় দিয়ে দেওয়া হয়। অথচ দেখা গেছে, নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ীরা এই টাকা ব্যাংকে ফেরত দেননি, আবার মালামালও গুদামে নেই।
২০১২ সালের এপ্রিল মাসে প্রথম আলোতেই ছাপা হয়েছিল যে ব্যাংক খাতে তারল্যসংকট, নিত্যপণ্যের বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মূল্যস্ফীতি এবং শেয়ারবাজারে হঠাৎ অর্থের প্রবাহ বৃদ্ধির মূল কারণ এই এলটিআর ও আমদানি অর্থায়নের অপব্যবহার। এরপর অবশ্য বাংলাদেশ ব্যাংক বিধিবিধানেও কিছু পরিবর্তন আনলেও বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়নি।
এস কে সুর এ বিষয়ে বলেন, ‘এখন একেকজন গ্রাহককে যত ব্যাংকঋণ দেওয়া হয়েছে, তাঁরা সবাই মিলে যদি বসে একটা প্রস্তাব আমাদের কাছে নিয়ে আসেন, আমরা সেটা বিবেচনা করে দেখব কী করা যায়।’
বাংলাদেশ ব্যাংকের সমীক্ষা: কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ সমীক্ষায় বলা হয়েছে, এলটিআর ঋণ মেয়াদি ঋণে পরিণত হওয়ার প্রধান কারণ হলো বাজারে জিনিসপত্রের দামের ওঠানামা। সমীক্ষায় ৪৮ দশমিক ১ শতাংশ মেয়াদি ঋণ সৃষ্টির কারণ মূল্য ওঠানামা, বিনিময় হারের কারণে ৮ দশমিক ৭ শতাংশ, ১৬ দশমিক ৩ শতাংশ দীর্ঘদিন ধরে পণ্য মজুত করা, ৪ দশমিক ৮ ভাগ ঋণ অন্য খাতে স্থানান্তর এবং বাকি ২২ দশমিক ১ শতাংশ ঋণ অন্যান্য কারণে মেয়াদি ঋণ সৃষ্টি হয়েছে বলে সমীক্ষায় বলা হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এলটিআর হিসাবে দেওয়া ৪৮ হাজার ৩১২ কোটি টাকা ব্যাংক খাতে বাণিজ্যিক ঋণের ৩২ দশমিক ৮২ ভাগ। ওই সময় পর্যন্ত নয় হাজার ৩৫২ কোটি টাকা এলটিআর থেকে মেয়াদি ঋণ হয়েছে, যা মোট এলটিআরের ১৯ দশমিক ৩৬ ভাগ। এই অর্থ ব্যাংক খাতের মোট বকেয়া মেয়াদি ঋণের ১১ দশমিক ৭৬ শতাংশ।
সমীক্ষায় বলা হয়েছে, এই ঋণ আদায়ের সম্ভাবনা খুবই কম। কারণ, এর জামানত অপর্যাপ্ত, ব্যাংকের গুদামে পণ্য নেই এবং বাজারদরে ওঠানামা। আবার অসংখ্য ক্ষেত্রে আমদানিকারক বা গ্রাহক তাঁদের ঋণের টাকা অন্য খাতে নিয়ে গেছে। জমি কিনেছে, শেয়ারবাজারে বিনিয়োগ করেছে এবং নতুন ব্যবসায় খাটিয়েছে।
সমীক্ষা অনুযায়ী, ব্যাংকের শাখাগুলো প্রধান কার্যালয়ের বেঁধে দেওয়া মুনাফা করতে গিয়ে আরেক ব্যাংকের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতা করেছে। তারা গুটিকয়েক বড় ব্যবসায়ী গ্রুপকে ঋণ দিয়েছে। কিছু ক্ষেত্রে প্রধান কার্যালয়ের নির্দেশেই এই এলটিআর খুলেছে। আবার কিছু গ্রাহক তাঁদের একক গ্রাহক ঋণসীমার বেশি অর্থ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নিয়ে নিয়েছেন। কিন্তু ব্যাংকগুলো অন্য ব্যাংকের ঋণের হিসাব রাখেনি। তাতে গ্রাহক এক ব্যাংক থেকে ঋণ করে আরেক ব্যাংকের ঋণ শোধ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের সমীক্ষা অনুযায়ী, বড় আমদানিকারকের বড় অংশই আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য প্রতিবেদনে (সিআইবি) খেলাপি বলা হচ্ছে না। ফলে তারা আবার নতুন ঋণ সুবিধা নিতে পারছে।
জিনিসপত্রের দাম ওঠানামায় এলটিআরের ৪৮ দশমিক ১ শতাংশ ঋণ মেয়াদি ঋণে পরিণত হওয়ার তথ্য সরেজমিনে পাওয়া যায়নি। কারণ, এতে কিছু অর্থ অন্তত ব্যাংকে ফেরত দেওয়ার কথা। আসলে ব্যবসায়ীর গুদামে কোনো পণ্যই ছিল না। এই ঋণ দিয়ে বিপাকে থাকা চট্টগ্রামে জনতা ব্যাংকের সাধারণ বিমা শাখা; সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তারাও মনে করেন না যে, মূল্যপতনের কারণে এত বিপুল পরিমাণ এলটিআর ঋণ মেয়াদে পরিণত হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে এ বিষয়ে বলেন, ওই সময় দেশে পণ্য আসার পর আন্তর্জাতিক বাজারে মূল্য পতন হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু, গুদামে পণ্য নেই, ব্যাংকের টাকাও দেয়নি; ফলে বাজারদরের কারণে এটা হয়েছে মানা যায় না। ২০ শতাংশ ক্ষেত্রে এটা বলা হলে মেনে নেওয়া যেত।
কাল পড়ুন: বেপরোয়া ব্যাংকিংয়ে বিপুল খেলাপি ঋণ