
পুরান ঢাকার পাটুয়াটুলীর ব্যবসায়ীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মীদের সংঘর্ষে দলটির দুই কর্মীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদল কর্মী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকে এ সংঘর্ষ হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বিনা টাকায় ঘড়ি না দেওয়ায় তাঁদের ওপর হামলা চালিয়েছেন ছাত্ররা। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় তাঁদের কোন কর্মী জড়িত নন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের চার-পাঁচজন কর্মী পাটুয়াটুলীতে ঘড়ি কিনতে ভাগ্যকুল এন্টারপ্রাইজ নামের একটি দোকানে যান। তখন ঘড়ির দাম নিয়ে দোকানমালিক মনিরুজ্জামানের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানের মালিককে মারধর ও কয়েকটি কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে এ ঘটনা পাটুয়াটুলী, ইসলামপুর ও সদরঘাট এলাকায় ছড়িয়ে পড়লে সব ব্যবসায়ী তাঁদের দোকান বন্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা চারটি লেগুনা ভাঙচুর করে ঢাকা কলেজিয়েট স্কুলের সামনে (সদরঘাট যাওয়ার মূল সড়ক) অবস্থান নেন। পরে টায়ারে আগুন জ্বালিয়ে দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তাঁরা।

এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া কলেজিয়েট স্কুল ও বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের ছুটির পর স্কুল থেকে বের হতে পারেনি শিক্ষার্থীরা। পরে বেলা দুইটার দিকে বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক (পাটুয়াটুলী এলাকায়) বন্ধ রাখার দাবি জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় ছাত্রদলের কোন কর্মী জড়িত নন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনার সঙ্গে মূলত কারা জড়িত, তা তিনি জানেন না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, এ ঘটনায় একজন ছাত্রকে আটক করা হয়েছে।