ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করায় কর্মকর্তার ওপর নেতার হামলা
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করায় বগুড়ার ঔষধ প্রশাসন কার্যালয়ে হামলা চালিয়ে এক কর্মকর্তাকে মারধর করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফি নেওয়াজ খান ওরফে রবিনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়।
হামলাকারীরা ওই কর্মকর্তার কাছ থেকে ক্যামেরা ও মডেম ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, একজন সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বগুড়ার ঔষধ তত্ত্বাবধায়ক সুকর্ণ আহমেদ অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি রফি নেওয়াজ খানের নেতৃত্বে কয়েকজন ওষুধ ব্যবসায়ী তাঁর ওপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নিয়েছেন। তবে রফি নেওয়াজ খান ওই কর্মকর্তার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, মামলা দায়েরের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ওই কর্মকর্তার সঙ্গে বাগিবতণ্ডা হয়েছে। সেখানে কোনো প্রকার মারধরের ঘটনা ঘটেনি।
মামলার বিবরণ থেকে জানা যায়, ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঔষধ প্রশাসনের বগুড়ার ঔষধ তত্ত্বাবধায়ক সুকর্ণ আহমেদের নেতৃত্বে একটি দল অভিযানে যায়। তারা এ সময় সোনাতলা উপজেলার বালুয়াহাট বাসস্ট্যান্ডে ‘নাছিমা ফার্মেসি’তে রাখা প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পায়। ওষুধগুলো জব্দ করতে গেলে দোকানের মালিক শাহজাহান আলীর নেতৃত্বে স্থানীয় লোকজন সুকর্ণ আহমেদকে আটকে রাখেন।
খবর পেয়ে সোনাতলা ইউএনও উত্তম কুমার মণ্ডল পুলিশ নিয়ে গিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করেন ইউএনও। কিন্তু ততক্ষণে দোকানমালিক পালিয়ে যান। পরে ইউএনও দোকানটি সিলগালা করে ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের আদালতে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ দেন। ইউএনওর নির্দেশের প্রায় এক সপ্তাহ পর গত সোমবার ঔষধ প্রশাসনের কর্মকর্তা সুকর্ণ আহমেদ বাদী হয়ে শাহজাহান আলীর বিরুদ্ধে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলার এক দিন পর গতকাল ওই কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে।
বগুড়া সদর থানায় গতকাল সুকর্ণ আহমেদ লিখিত অভিযোগ করেন, মামলা করায় গতকাল বেলা পৌনে ১১টার দিকে রফি নেওয়াজ খানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি শহরের জলেশ্বরীতলা এলাকায় ঔষধ প্রশাসনের কার্যালয়ে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর ওপর হামলা চালিয়ে বেদম মারধর করেন তাঁরা। এ সময় হামলাকারীরা ক্যামেরা ও ইন্টারনেট ব্যবহারের মডেম ছিনিয়ে নিয়ে যান।
রফি নেওয়াজ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সব দোকানেই থাকে। তবে তা বিক্রির জন্য রাখা হয় না। যেসব ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে, তা কোম্পানির লোকজনকে ফেরত দেওয়ার জন্য রাখা হয়। ওই কর্মকর্তা অন্যায়ভাবে একটি দোকানে অভিযান চালিয়ে তা সিলগালা করেন এবং পরে তাঁকে হয়রানির জন্য মামলা করেন। সোনাতলার ইউএনও বলেন, ওই কর্মকর্তাকে আটকের খবর পেয়ে পুলিশ সঙ্গে নিয়ে সেখানে যাওয়া হয়। দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।